২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গোপন অভিযানের ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা মুশাররফ সরকারকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে তৎপর হয়ে উঠেছে - এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানে গোপন অভিযান চালানোর ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 08:41 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

নিউইয়র্ক, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা মুশাররফ সরকারকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে তৎপর হয়ে উঠেছে - এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানে গোপন অভিযান চালানোর ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে পাকিস্তানে সিআইএ এবং মার্কিন সেনাবাহিনীর 'স্পেশাল অপারেশনস ফোর্স' এর অনেক বেশি আক্রমণাত্মক তৎপরতা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এমন হলে সন্ত্রাসবাদ মোকাবেলার প্রশ্নে ওই অঞ্চলে আফগানিস্তানের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসতে পারে পাকিস্তান। নিউইয়র্ক টাইমস পত্রিকা রোববার একথা জানিয়েছে। বেনজির হত্যাকাণ্ড পরবর্তী পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এবং আল-কায়েদা ও তালেবানি জঙ্গি তৎপরতা এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা সম্পর্কে বুশ প্রশাসনের কর্তাব্যক্তিরা শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে মুশাররফের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো না হলেও বেনজির হত্যাকাণ্ড পরবর্তী পাকিস্তানের পরিবর্তনশীল রাজনৈতিক কাঠামোকে সেখানে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বাড়ানোর সুযোগ বলে মনে করছেন হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও সেনাবাহিনীর 'স্পেশাল অপারেশনস ফোর্স' এর সঙ্গে সিআইএ'র যৌথ অভিযানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং বুশের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলিসহ উর্ধ্বতন সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। এ ধরনের অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট মুশাররফ এবং দেশটির সেনানেতৃত্বের জন্য বর্তমান পরিস্থিতি এতোটাই বিপজ্জনক যে এ অবস্থায় ওয়াশিংটনের কাছে অনেকটাই বশ মানবেন তারা। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস, সিআইএ এবং পেন্টাগনের মুখপাত্ররা এ বৈঠক সম্পর্কে কথা বলতে রাজি হননি। তবে এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরে কোনো কোনো জায়গায় আল-কায়েদা জঙ্গিরা নতুন স্বর্গ গড়ে তুলেছে এবং তাকে অবশ্যই প্রতিহত করা দরকার। এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন,"আমরা মনে করি দীর্ঘদিন ধরে আফগানিস্তানে নিজেদের লক্ষ্য স্থির রেখে জঙ্গিরা এখন বড় পুরস্কার পাওয়ার মতোই খোদ পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেখতে পাচ্ছে নিজেদের সামনে।" পত্রিকাটি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা বুশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছেন, আফগান সীমান্তের কাছে এ ধরনের মার্কিন অভিযানে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিয়ে হিতে বিপরীত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২৫ ঘ.