২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো গুরুতর অসুস্থ

হাসপাতালে ভর্তির পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর। শনিবার তার অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসকরা একথা জানিয়েছেন। ৮৬ বছর বয়সী সুহার্তোর রক্তস্বল্পতা এবং নিম্ন-রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে শুক্রবার তাকে জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জাকার্তা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাসপাতালে ভর্তির পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর। শনিবার তার অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসকরা একথা জানিয়েছেন। ৮৬ বছর বয়সী সুহার্তোর রক্তস্বল্পতা এবং নিম্ন-রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে শুক্রবার তাকে জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি করা হয়। সুহার্তোর চিকিৎসক দলের প্রধান মারডজো সোয়েবিয়ানদোনো বলেন, তার কিডনির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তাছাড়া, তার ফুসফুসে অতিরিক্ত তরল পদার্থ রয়েছে। এক সংবাদ সম্মেলনে সোয়েবিয়ানদোনা বলেন, "হাসপাতালে চিকিৎসার দ্বিতীয় দিনে মি. সুহার্তোর অবস্থার উন্নতি হয়নি।" তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর আরও চিকিৎসা এবং ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মধ্যে থাকা দরকার। প্রসঙ্গত, ১৯৬৫ সালে এক সেনা অভুত্থানের মাধ্যমে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন সুহার্তো। সেই থেকে টানা ৩২ বছরের শাসন শেষে ১৯৯৮ সালে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। শুক্রবারের আগেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সাবেক জেনারেল সুহার্তোকে বেশ কয়েকবার হাসপাতালের চিকিৎসা নিতে হয়েছে। সুহার্তোর চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডিজোকো রাহার্দজো জানিয়েছেন, সুহার্তো জ্ঞান হারান নি। তবে এর আগে যখন সুহার্তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনকার চেয়ে তার এবারের অবস্থা বেশি খারাপ। তিনি বলেন, "আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।" তিনি আরও বলেন, সুহার্তো তার পরিবারকে জানিয়েছেন যে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যেতে ইচ্ছুক নন। সুহার্তোকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং যুধোইয়োনো। তিনি জানিয়েছেন, সুহার্তো "এখনও জটিল" অবস্থার মধ্যে রয়েছেন। এ বিষয়ে তিনি আর কিছু জানান নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬০০ ঘ.