২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা বন্ধে আব্বাসকে নিঃশর্ত আলোচনার প্রস্তাব মেশালের

ফিলিস্তিনি-ফিলিস্তিনি সহিংসতা থামাতে শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংগঠনের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল। তবে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

দামাস্কাস, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি-ফিলিস্তিনি সহিংসতা থামাতে শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংগঠনের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল। তবে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। হামাসের ২০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত এক সমাবেশে মেশাল বলেন, "নিঃশর্ত আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি সংকট সমাধানের এবং জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি ফাতাহ সংগঠনের ভাইদের আহ্বান জানাচ্ছি।" তিনি বলেন, "প্রতিরোধের নিজস্ব পদ্ধতি ত্যাগ না করেই আমরা একত্রে ইসরায়েলের সঙ্গে সংঘাত মোকাবেলা করতে পারি।" এক সপ্তাহ আগে ফাতাহ নেতা ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের এক প্রস্তাবের পর এ প্রস্তাব দিলেন হামাস নেতা মিশেল। ওই প্রস্তাবে আব্বাস বলেছিলেন, হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দিলে তিনি তাদের সঙ্গে সংহতি আলোচায় বসবেন। একইসঙ্গে আব্বাস আগাম নির্বাচনে সম্মত হওয়ার জন্যও হামাসের প্রতি আহ্বান জানান। ২০০৬ সালের নির্বাচনে হামাস ফাতাহকে পরাজিত করার পর থেকে ফিলিস্তিনের এ দুই সংগঠনের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়ে চলেছে। সর্বশেষ গত সপ্তায় আব্বাসের ওই আহ্বানের পর গাজা উপত্যকায় হামাস ও ফাতাহ সমর্থকদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে। দামেস্কের সমাবেশে মেশাল বলেন, আগাম নির্বাচনের ইস্যুটি প্রস্তাবিত আলোচনায় আসতে পারে। তবে একইসঙ্গে তিনি গাজায় হামাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। মেশাল বলেন, গাজা উপত্যায় ফাতাহ'র অরাজকতা বন্ধে বাধ্য হয়েই গত জুন মাসে সেখানকার নিয়ন্ত্রণ নেয় হামাস। প্রসঙ্গত, গাজা উপত্যায় হামাস দখল নেওয়ার পরপরই ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস হামাসের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করে পশ্চিম তীরে তার অনুগত একটি প্রশাসন নিয়োগ করেন। সমাবেশ মেশাল বলেন, "আগাম নির্বাচন কোনো সমস্যা নয়। আমাদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসুন। আমরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।" উল্লেখ্য, হামাসের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে সিরিয়ায় নির্বাসনে রয়েছেন খালেদ মেশাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২১ ঘ.