২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়া সঙ্কট নিরসনে আশাবাদী ডেসমন্ড টুটু

কেনিয়ায় বিক্ষোভ কমে আসায় সপ্তাহব্যাপী চলমান সঙ্কট নিরসনের আশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টুটু। কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সৃষ্ট সঙ্কট নিরসনে প্রেসিডেন্ট কিবাকি কোয়ালিশন সরকার গঠনের পদক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন টুটু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

নাইরোবি, জানুয়ারি ৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কেনিয়ায় বিক্ষোভ কমে আসায় সপ্তাহব্যাপী চলমান সঙ্কট নিরসনের আশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টুটু। কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সৃষ্ট সঙ্কট নিরসনে প্রেসিডেন্ট কিবাকি কোয়ালিশন সরকার গঠনের পদক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন টুটু। তবে টুটু জানান, বিরোধীদল সরকারে কর্তৃত্ব মেনে নিলে তবেই কিবাকি কোয়ালিশনের পথে এগুবেন। টুটু বলেন, শর্ত থাকলেও দুপক্ষই আলোচনার জন্য প্রস্তুত থাকায় সঙ্কট নিরসনের আশা আছে। কিবাকির সঙ্গে বৈঠকের পর টুটু সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট কোয়ালিশনের বিপক্ষে নন। তবে দেশের সরকারের কর্তৃত্ব মেনে নিতে হবে। টুটু বলেন, " কিবাকির এই শর্তের পরও বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) এবং সরকার দুপক্ষই আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে। তারা এখনও শর্ত দিচ্ছে। কিন্তু আমি মনে করি তাদের চুক্তিবদ্ধ হওয়ার আগ্রহ আছে।" কেনিয়ায় নির্বাচন জালিয়াতি নিয়ে শুরু হওয়া সহিংসতা শুক্রবার স্তিমিত হয়ে আসে । সকালে রাজধানী নাইরোবিতে বিরোধীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করা সম্ভব হয়নি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ওদিকে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসা মাওয়ি কিবাকি এবং বিরোধী নেতা রাইলা ওদিঙ্গার মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে শুক্রবার কেনিয়া যাচ্ছেন আফ্রিকায় শীর্ষ মার্কিন দূত। নির্বাচনী কারচুপির অভিযোগে শুরু হওয়া এ জাতিগত-রাজনৈতিক সহিংসতায় ২৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। সঙ্কট নিরসনে প্রেসিডেন্ট বুশের সমঝোতা প্রস্তাব নিয়ে শুক্রবার কেনিয়ায় যাচ্ছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেন্দায়ি ফ্রেজার। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বুশ কেনিয়ায় কিবাকি ও ওদিঙ্গার মধ্যে ক্ষমতা ভাগাভাগির মধ্য দিয়ে সংকট নিরসনের কথা বলেছেন। বৃহস্পতিবার বুশ বলেছেন, "একটা সমঝোতার মাধ্যমে তাদের দুজনের একত্রিত হওয়ার এবং অল্প ব্যবধানের এ নির্বাচন থেকে সৃষ্ট ক্ষত নিরসনের সুযোগ রয়েছে।" প্রেসিডেন্ট বুশের এ প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং বিরোধী নেতা রাইলা ওদিঙ্গার সঙ্গে আলোচনা করবেন জেন্দায়ি ফ্রেজার। শুক্রবার সকাল দশটায় নাইরোবির উহুরু পার্কে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সেখানে জড়ো হতে দেখা যায়নি বিক্ষোভকারীদের। আফ্রিকার অন্যতম বৃহত্তম বস্তি এলাকা এবং গত কয়দিনের সহিংসতার অন্যতম কেন্দ্র মাথারে বস্তির বাসিন্দা স্যামুয়েল মুহাতি বলেন, "আমরা ক্লান্ত, আমরা সমাবেশে যাচ্ছি না। মারামারি বন্ধ হওয়া দরকার।" রয়টার্সের এক প্রতিবেদক জানান, সকাল দশটায় সমাবেশ শুরু করতে বিরোধীদলীয় নেতাদের পেন্টাগন হাউস হেডকোয়ার্টার্সে হাজির হওয়ার কথা থাকলেও সেখানে আসেননি তারা। উল্লেখ্য, ২৭ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাওয়ি কিবাকির শপথ নেওয়ার পর থেকেই কেনিয়ায় সহিংসতা শুরু হয়। বিরোধীদের অভিযোগ, ওই নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে। সেই থেকে কেনিয়ায় ৫ দিনব্যাপী চলা জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় তিনশ'র বেশি লোক নিহত হয়েছে। বিতর্কিত ওই নির্বাচনের মাধ্যমে কিবাকির পুনর্নির্বাচনের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা বৃহস্পতিবার রাজধানী নাইরোবির ফ্রিডম পার্কে সমাবেশের ডাক দেন। তবে সরকার ওই সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমন অবস্থায় পুলিশী বাধা অমান্য করে সমাবেশ করার ঘোষণা দেন ওদিঙ্গা। বৃহস্পতিবারের সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন জুলিয়াস আকিচ। তিনি বলেন, "এখন এখানে একনায়কতন্ত্র চলছে।" নাইরোবির উহুরু পার্কে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার ভোরেই বিরোধীদলের শক্ত ঘাঁটি কিবেরায় সমাবেত হয় কয়েকশ' লোক। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। ওদিঙ্গার আরেক সমর্থক জেমস এনগারে বলেন, "আমরা এখন জড়ো হচ্ছি। পুরো নাইরোবিবাসী উহুরু পার্কে যাচ্ছে।" কেনিয়ায় সপ্তাহব্যাপী চলা এ সহিংসতার জন্য সরকার এবং বিরোধীপক্ষ উভয়ে একে অপরকে দোষারোপ করে আসছে। এমন প্রেক্ষিতে সহিংসতা বন্ধ করে সংহতি আলোচনা শুরু করার জন্য উদ্বিগ্ন বিশ্ব নেতারা কেনিয়া সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন। কিবাকিকে "চোর" আখ্যা দিয়ে ওদিঙ্গা সাংবাদিকদের বলেন, তিনি একটি "বেসামরিক অভ্যুত্থান" করেছেন। ওদিঙ্গা একইসঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতা এবং দ্বিতীয়দফা নির্বাচনের প্রস্তুতির জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব মেনে নিতে কিবাকির প্রতি আহ্বান জানিয়েছেন। টানা এ রাজনৈতিক গোলযোগের প্রভাব পড়েছে কেনিয়ার পর্যটন শিল্পে। এ খাত থেকে প্রতিবছর প্রায় ৮শ' মিলিয়ন মার্কিন ডলার আয় হয়ে থাকে দেশটির। এছাড়া চা ও কফির মতো অন্যতম রফতানি পণ্যের ওপরও প্রভাব দেখা গেছে এ অস্থিশীলতার। কেনিয়ার মুদ্রা শিলিং এর দরপতন হয়েছ গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া, দরপতন হয়েছে শেয়ারবাজারেও। কেনিয়ার রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা কেনিয়া হিউম্যান রাইটস্ কমিশন (কেএইচআরসি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্ কমিশন (এফআইডিএইচ) বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, " গত ২৭ ডিসেম্বর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।" কিবাকি সরকার এই জাতিগত সহিংসতার জন্য বিরোধীদলীয় নেতা ওদিঙ্গার সমর্থকদের দায়ী করেছে। সরকার অভিযোগ করেছে বিরোধী জাতিগত সংখ্যলঘুদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩০ ঘ.