ওয়াশিংটন, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে অটটু মিত্রতার প্রমাণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বৃহস্পতিবার তিনি বলেন, "মুশাররফ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র। আর আমি সবসময়ই মুশাররফের সমর্থক। আমার বিশ্বাস, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তিনি কঠোর। উগ্রপন্থী ও সন্ত্রাসীদের সঙ্গে ওঠাবসা করার ঝুঁকি তিনি খুব ভালোভাবেই বোঝেন। আর সবচে বড় ব্যাপার, সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল।"
হোয়াইট হাউসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বুশ বলেন, "আগামী মাস অবধি পিছিয়ে যাওয়া নির্বাচনে যেই জয়ী হোক তার সঙ্গেই মুশাররফের কাজ করে যাওয়া উচিত। আর আমরা নিশ্চিতভাবেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হয়ে থাকব।"
মুশাররফকে 'মিত্র' আখ্যা দিয়ে বুশ বলেন, " তিনি প্রতিশ্র"তি অনুযায়ী উর্দি ছেড়ে নির্বাচনের দিন নির্ধারণ করেছেন।"
তিনি বলেন, "জঙ্গিরা পাকিস্তানে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য সাধনে তারা সাহসী একজন নারীকেও মেরে ফেলেছে। এখন পাকিস্তানকে পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে উঠে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করা বিশ্বের স্বার্থেই প্রয়োজন। যুক্তরাষ্ট্র এটাই চায়।"
উল্লেখ্য, বেনজিরের সঙ্গে মুশাররফের ক্ষমতা ভাগাভাগি চুক্তির উদ্যোক্তা হিসাবে কাজ করেছিল বুশ প্রশাসন। মুশাররফের জরুরি অবস্থা জারি এবং বিরোধীদলীয় নেতা-কর্মী ও আইনজীবীদের ঢালাওভাবে গ্রেফতার অভিযানের পরও তার সমালোচনা করার ব্যাপারে বুশ প্রশাসন খুবই সতর্ক ছিল।
বেনজিরের মৃত্যুর পর তার দলের প্রতিনিধিত্বকারী ১৯ বছর বয়সী ছেলে এবং স্বামীকে কিংবা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে দেখা হচ্ছে কিনা-- এ ব্যাপারে বুশ কোনো মন্তব্য করেননি। তিনি কেবল বলেন, " পাকিস্তানে স্থিতিশীলতার জন্য কাজ করে যাওয়া রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৯ঘ.
bdnews24