২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে যাচ্ছেন মনমোহন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ মাসে প্রথম চীন সফরে যাচ্ছেন। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনদিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

বেইজিং, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ মাসে প্রথম চীন সফরে যাচ্ছেন। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনদিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। প্রসঙ্গত, হিমালয় সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিতর্ক চলছে। এ সীমান্ত বিতর্ক নিয়ে দুদেশের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধও হয়েছে। বিতর্কিত এ সীমান্ত নিয়ে গত বছর তিন পর্ব আলোচনা হয়। তবে সেসব আলোচনায় সমস্যা সমাধানের পথে তেমন কোনো অগ্রগতি হয়নি। ওই তিন পর্বের আলোচনার কথা প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ওয়াইইউ বলেন, "ইস্যুটি সমাধানের কর্মকাঠামো নিয়ে আমাদের মধ্যে কার্যকর গবেষণা হয়েছে।" এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উভয় দেশের কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানের খুঁজে বের করতে আমরা যৌথভাবে চেষ্টা চালাব।" চীনের পরিসংখ্যান অনসুযায়ী, ভারতের সঙ্গে চীনের বাণিজ্য গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৪ দশমিক ২ বিলিয়ন ডলার পরিমাণ বেড়েছে। এই হার তার আগের বছর একই সময়ের চেয়ে ৫৪ শতাংশ বেশি। কিন্তু ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের মধ্যেও এশিয়ার দ্রুত উন্নয়নশীল এই দেশ দুটি বিশ্বে প্রভাব বিস্তার থেকে শুরু জ্বালানি ও পানি সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। ভারতের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্কও চীন ভাল চোখে দেখে না। ওয়ামিংটন-ভারত বেসামরিক পরমাণু চুক্তির পথে বাধা হয়ে না দাঁড়ালেও চীন চায় ওই চুক্তি বন্ধ হয়ে যাক। অন্যদিকে, চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ককে ভারত সন্দেহের চোখে দেখে। বিভিন্ন বিষয় নিয়ে দু'দেশের মধ্যে এই সন্দেহ অবিশ্বাসের মাঝেই চীন যাচ্ছেন মনমোহন। ওদিকে,জিয়াংও বলেছেন, "আমরা যৌথভাবে আমাদের কৌশলগত সম্পর্কে নতুন মোড় ঘুরানোর চেষ্টা করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজেএলকিউ/১৬৫১ঘ.