ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে সাধারণ নির্বাচন ছয় সপ্তাহ পিছিয়েছে। ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৮ ফেব্র"য়ারিতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার কাজী মুহাম্মদ ফারুক এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুতে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নির্বাচন ৬ সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
মুহাম্মদ ফারুক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন. "৮ জানুয়ারির পরিবর্তে নির্বাচন হবে আগামী ১৮ ফেব্র"য়ারি। আত্মঘাতী হামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো নিহত হওয়া এবং তার পরের সহিংসতার কারণে নির্বাচন পেছানো হয়েছে।"
নির্বাচন কমিশন গত মঙ্গলবার বলেছিল বর্তমানে প্রেক্ষাপটে ৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তবে পিপিপি নির্বাচন পেছানোর বিরোধিতা করেছে। তারা জনগণের সহানুভুতি কাজে লাগানোর জন্য নির্ধারিত সময়ে নির্বাচন চাইছে। তাছাড়া বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পেছানো হলে আরও বেশি সহিংস ঘটনা ঘটতে পারে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, বেনজির ভুট্টো নিহত হওয়ার পর সহিংসতায় সিন্ধু প্রদেশে কমিশনের অনেক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভোটার তালিকাসহ অনেক নির্বাচনী সামগ্রী নষ্ট হয়েছে।
সহিংসতা বর্তমানে কিছুটা কমলেও এখনও উত্তেজনা রয়েছে। সহিংস ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৬০ জন।
বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন। লাহোর ডেটলাইনে ছাপানো এক খবরে নিউইয়র্ক টাইমস একথা জানায়।
এতে বলা হয়, নির্বাচনের সময় এবং তা পিছিয়ে যাওয়ার খবর পাকিস্তানের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। কারণ, পাকিস্তানের দুই প্রধান বিরোধীদলই নির্বাচনে বিলম্ব নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।
মুশাররফের পাকিস্তান মুসলিম লীগ দলের সদস্যরা গত কয়েকদিনে নির্বাচন ৬ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তা কানওয়ার দিলশাদ গত মঙ্গলবার বলেন, "কমিশনের কর্মকর্তারা নীতিগতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন তারিখ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে।"
তিনি জানান, বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় সিন্ধুর অনেক কার্যালয় জ্বলে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে নির্বাচনী নথিপত্র ও ভোটার তালিকা।
দিলশাদ বলেন, "সিন্ধুতে ১৩ টি সরকারি কার্যালয় পুড়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে এ পরিস্থিতি সম্পর্কে আমরা জানাব। মাঠ পর্যায়ের বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে অবহিত করার পরই তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।"
বেনজিরের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরীফের নেতৃত্বাধীন অন্যান্য প্রধান বিরোধীদলগুলো নির্বাচনে কোনোরকম বিলম্বের বিরোধিতা করে আসছে। অবশ্য নওয়াজের দলের ভাইস প্রেসিডেন্ট ইকবাল জাগরা মঙ্গলবার বলেছেন, নির্বাচন স্বল্পকালের জন্য পিছালে তার আপত্তি নেই।
ইকবাল আরও বলেন, "আমরা ৮ জানুয়ারিতেই নির্বাচন চাই। কিন্তু তা অনুষ্ঠানে অপারগতার প্রকৃতই কোনো কারণ থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।"
ওদিকে, পাকিস্তান মুসলিম লীগ পিএমএল-(কিউ) বলছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পিছানো উচিত।
কিন্তু বেনজিরের পার্টির ডেপুটি সেক্রেটারি রাজা রব্বানি বলছেন, "নির্বাচন পিছানোর প্রশ্নই আসে না।" তিনি বলেন, "পিএমএল (কিউ) নির্বাচনে তাদের পরাজয় আঁচ করতে পেরেই নির্বাচন পিছানোর পাঁয়তারা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৯০০ ঘ.
bdnews24