২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত-পাকিস্তান

পরমাণু অস্ত্রসমৃদ্ধ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মঙ্গলবার তাদের বেসামরিক পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে। ওই ধরনের স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত এক চুক্তির আওতায় তারা এ তালিকা বিনিময় করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু অস্ত্রসমৃদ্ধ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মঙ্গলবার তাদের বেসামরিক পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে। ওই ধরনের স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত এক চুক্তির আওতায় তারা এ তালিকা বিনিময় করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। ১৯৮৮ সালে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী, প্রতিবেশী এ দেশ দুটি বছরের প্রথম কার্যদিবসে তাদের পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করে আসছে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ হয়েছে। তবে, ২০০৪ সালের প্রথম দিকে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে সম্পর্কে বেশ উন্নতি হয়। অবশ্য, গত বছর পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সঙ্কটের কারণে সে সম্পর্ক বড় ধরনের আর কোনো অগ্রগতি হয়নি। গত সপ্তায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে আততায়ী হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর ভারত সীমান্ত সেনাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়। এছাড়া কিছু পরিবহন যোগাযোগও স্থগিত করে ভারত। সোমবার ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, "রেড এলার্ট" প্রত্যাহার করা হয়েছে এবং পরিবহন যোগাযোগও পুনরায় শুরু হয়েছে। ১৯৯৮ সালে ভারত এবং পাকিস্তান উভয় দেশই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৬ ঘ.