কাবুল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি সেনা-বাসে এক আত্মঘাতী বোমা হামলায় ২৮ আফগান সেনাসহ দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আফগান প্রেসিডেন্ট একথা জানিয়েছেন।
তালেবানরা এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব শুরুর পর থেকে রাজধানী কাবুলে সংঘটিত ভয়াবহ তালেবান হামলাগুলোর অন্যতম হিসাবে বিবেচিত হচ্ছে শনিবারের হামলাটি।
প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, হামলায় ২৮ সেনা এবং দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন। তিনি এ হামলার নিন্দা জানান।
কারজাই তার সুরক্ষিত প্রাসাদে সাংবাদিকদের বলেন, "কোনো সন্দেহ নেই যিনি এ কাজ করেছেন তিনি জনগণ, মানবতা এবং নিশ্চিতভাবেই ইসলামের বিরোধী।"
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর পোশাক পরিহিত এক আত্মঘাতী বোমারু আফগান ন্যাশনাল আর্মির সদস্যদের বহনকারী বাসটির কাছে এসে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং আশপাশের দোকানের জ্বানালা-কপাট ভেঙ্গে চূরমার হয়ে যায়।
পুলিশ এবং সেনা সদস্যরা উদ্ধারকাজ চালায়। সেনাবাহিনীর উদ্ধারকারী গাড়িতে নিহতদের লাশ জড়ো করা হয়। স্থানীয় অধিবাসীরা পুলিশকে নিহতদের দেহাবশেষ একত্রিত করে প্লাস্টিকের ব্যাগে রাখতে সাহায্য করেন।
পুলিশ পুরো এলাকাটিকে ঘিরে রাখে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এক কিশোর কাঁদতে কাঁদতে জানায়, যেখানে বিস্ফোরণ হয়েছে তার পাশেই ভ্যানে করে তার বাবা সিগারেট বিক্রি করতেন এবং সে তার বাবাকে খুঁজে পাচ্ছে না।
বিস্ফোরণের ফলে উড়ে আসা কাঁচের আঘাতে কপাল কেটে যাওয়া প্রত্যক্ষদর্শী মোহাম্মাদ জহির বলেন, "আফগান ন্যাশনাল আর্মির একদল সেনা বাসটিতে ওঠার পরপরই বিস্ফোরণটি ঘটে।"
আহমাদ ওয়ালিদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমি একটি বিকট শব্দ শুনলাম। আমি দেখলাম বাসটি বিধ্বস্ত হয়ে গেল।"
তিনি আরও বলেন, "আমি গোলচক্করে বসে থাকা শ্রমিকদের লাশগুলোর মধ্য থেকে কয়েকজন সেনা সদস্যের লাশ বের করে আনতে দেখেছি। অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫১৭ ঘ.
bdnews24