২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ দূত মিয়ানমারে, নতুন করে বিক্ষোভ

সামরিক জান্তাবিরোধী তুমুল জনবিক্ষোভের প্রেক্ষাপটে জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারি শনিবার ইয়াঙ্গুনে পেঁছেছেন। সেখানে কোনো মন্তব্য না করে তিনি নতুন রাজধানী নেপিদওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে বিবিসি জানিয়েছে, গাম্বারি ইয়াঙ্গুনে পৌঁছানোর সময় সেখানে আবারো বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 06:43 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

বিশ্ব দক্ষিণ এশিয়া বিআই ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সামরিক জান্তাবিরোধী তুমুল জনবিক্ষোভের প্রেক্ষাপটে জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারি শনিবার ইয়াঙ্গুনে পেঁছেছেন। সেখানে কোনো মন্তব্য না করে তিনি নতুন রাজধানী নেপিদওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে বিবিসি জানিয়েছে, গাম্বারি ইয়াঙ্গুনে পৌঁছানোর সময় সেখানে আবারো বিক্ষোভ হয়েছে। শনিবার সকালে ইয়াঙ্গুনে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরের দিকে কয়েকশ' লোক বিক্ষোভ করে। সেনাবাহিনী ও সরকার সমর্থকরা বিক্ষোভকারীদের ঘিরে রাখে। আশা করা হচ্ছে, গাম্বারির এ সফরের মাধ্যমে মিয়ানমারে গণবিক্ষোভ অবসানে বলপ্রয়োগের পরিবর্তে আলাপ-আলোচনার পথ বেছে নিতে সে দেশের সরকারকে রাজি করাতে পারবেন। মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিঙ্গাপুরে গাম্বারি বলেন, জাতিসংঘ মহাসচিবের একটি বার্তা মিয়ানমারের সামরিক সরকারকে পৌঁছে দিতে তিনি সেখানে যাচ্ছেন। এটা একই সঙ্গে নিরাপত্তা পরিষদেরও বার্তা। গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে তার সাক্ষাত হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে নাইজেরিয়ার এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি আশা করছি প্রয়োজনে সবার সঙ্গে দেখা করতে পারব।" জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারির এ সফর সম্পর্কে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো বলেন, "তিনিই আমাদের সবচেয়ে বড় ভরসা। উভয়পক্ষের কাছে তিনি বিশ্বস্ত। তিনি ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।" প্রসঙ্গত, মিয়ানমারের চলমান এ বিক্ষোভের একটি শান্তিপূর্ণ সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক দাবিকে উপেক্ষা করে আসছে দেশটির জান্তা সরকার। গত আগস্ট মাসে জ্বালানি মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ছোট পরিসরে শুরু হয়ে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বর্তমান জনবিক্ষোভে রূপ নিয়েছে । মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত সংবাদপত্রগুলো শনিবার ফলাও করে প্রচার করে যে, "পুনরায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এফএইচবি/১৯৪৫ ঘ.