করাচি সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উর্দি পরেই জেনারেল মুশাররফ পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন- সুপ্রিম কোর্টের এই রায়ে বিভক্ত হয়ে পড়েছে পাকিস্তানের জনগণ। সর্বোচ্চ আদালতের রায়ে একদল যখন ক্ষুব্ধ, অন্যরা তখন উল্লাস করছেন।
আগামী ৬ অক্টোবর পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। জেনারেল মুশাররফ গত বৃহস্পতিবারেই মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। তবে এর আগে তিনি ঘোষণা দিয়েছেন, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন।
শুক্রবার সুপ্রিম কোর্টের রায় শোনার পর পেশোয়ারের টেক্সিচালক গুল রোজ ক্ষেপে গিয়ে বলেন, "মুশাররফের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত না।"
মুশাররফের প্রধান ভরসা সেনাক্যাম্প হলেও তার কিছু জনসমর্থনও ছিল। তবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তার সেই স্বল্প জনপ্রিয়তাও চলতি বছর দিন দিন কমতে থাকে। এখনো যারা তার সমর্থন করেন তারা ভাবেন, মুশাররফ ক্ষমতায় না থাকলে দেশটিতে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে এবং তার আমলে যে সামান্য অর্থনৈতিক উন্নতি হয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে।
করাচির ৭০ বছরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মমতাজ আহমেদ বলেন, "দেশের জন্য পারভেজ মুশাররফের দরকার আছে। আদালত সঠিক রায়ই দিয়েছে। জাতি এতে উপকৃত হবে।"
লাহোরের ব্যবসায়ী রেহমান চৌধুরী বলেন, " প্রেসিডেন্ট মুশাররফ আরেক মেয়াদে নির্বাচিত হলে পাকিস্তানে ব্যবসা-বানিজ্যের জন্য আরো ভাল পরিবেশ তৈরি হবে।"
প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ দেশটির বিচার বিভাগ মুশাররফের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। বরখাস্ত করা প্রধান বিচারপতিকে পুনর্বহাল করা ও পরপর বেশ কয়েকটি রায়ে মুশাররফ সরকারের নানা কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছিল বিচারবিভাগ। শুক্রবার এই অনাকাঙ্খিত রায়ে অনেকে বিষ্মিত হয়েছেন।
লাহোরের ব্যাংক কর্মকর্তা ফয়সল রেজা বলেন, "প্রধান বিচারপতি স্বপদে বহাল হওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু আজকের রায়ের পর মনে হচ্ছে আসলে তা হয়নি।"
১৯৪৭ সালে ভারতবিভক্তির মধ্যদিয়ে পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকে গত ৬০ বছরের অর্ধেকের বেশি সময় দেশটি শাসন করেছে জেনারেলরা। করাচির কেবল টেলিভিশন অপারেটর আরশাদ হোসেন জায়েদি সেনা শাসনের ইতিহাস স্মরণ করে শুক্রবারের রায়কে ১৯৫০ সালে দেওয়া পাকিস্তান সুপ্রিম কোর্টের এক রায়ের সঙ্গে তুলনা করলেন। দেশে প্রথম সেনাবাহিনীর ক্ষমতা দখলের বৈধতা দিতে সে সময় সুপ্রিম কোর্ট এ ধরনের রায় দিয়েছিল।
তিনি বলেন, "আজকের রায়ও 'প্রয়োজনের রায়', জনগণের ইচ্ছার প্রতিফলন এতে নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৭ঘ.
bdnews24