২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে জনবিক্ষোভে গুলি, ২ ভিক্ষুসহ তিনজন নিহত

মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীদের ওপর সেনা-পুলিশি হামলায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে দুই ভিক্ষু ও একজন সাধারণ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। বুধবার ইয়াঙ্গুনের সুলে প্যাগোডার সামনে সমবেত ভিক্ষু-জনতাকে ছত্রভঙ্গ করতে ওই গুলি চালানো হয়। কিন্তু লাঠি-গুলি-টিয়ারগ্যাস উপেক্ষা করেই কয়েক হাজার ভিক্ষু-জনতা ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখলে সেনা ও দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। এর আগে শোয়েডাগন প্যাগোডার সামনে বিক্ষোভরতদের দমাতে ভিক্ষু ও জনতার ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভের কেন্দ্রস্থল শোয়েডাগন প্যাগোডায় সমবেত হতে চাইলে ভিক্ষু ও সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং কমপক্ষে ২০০ জনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 06:47 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীদের ওপর সেনা-পুলিশি হামলায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে দুই ভিক্ষু ও একজন সাধারণ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। বুধবার ইয়াঙ্গুনের সুলে প্যাগোডার সামনে সমবেত ভিক্ষু-জনতাকে ছত্রভঙ্গ করতে ওই গুলি চালানো হয়। কিন্তু লাঠি-গুলি-টিয়ারগ্যাস উপেক্ষা করেই কয়েক হাজার ভিক্ষু-জনতা ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখলে সেনা ও দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। এর আগে শোয়েডাগন প্যাগোডার সামনে বিক্ষোভরতদের দমাতে ভিক্ষু ও জনতার ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভের কেন্দ্রস্থল শোয়েডাগন প্যাগোডায় সমবেত হতে চাইলে ভিক্ষু ও সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় এবং কমপক্ষে ২০০ জনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শোয়েডাগন প্যাগোডায় হামলা সত্ত্বেও সেনা ও পুলিশের কড়া নিরাপত্তা পাহারা উপেক্ষা করে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী মিছিল করতে করতে ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যায়। কাঁদানে গ্যাস হামলার আশঙ্কায় ভিক্ষু ও আন্দোলনকারী জনতার অনেকেই মাস্ক পরে মিছিল করছিলো। বিক্ষোভের কেন্দ্র প্রধান প্রধান উপসনালয়গুলোতে ভিক্ষুদের আটকে রাখতে এবং বাইরে থেকে আসা ভিক্ষু ও সাধারণ মানুষকে জড়ো হতে না দিতে বুধবার ভোরে সেখানে বিপুল সংখ্যক সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাজপথে সেনা ও দাঙ্গা পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়ার সময় তাদের বেধড়ক মারধর করা হয় এবং এতে বহু ভিক্ষুসহ অন্যান্যরা আহত হয়। আহত অবস্থাতেই তাদের টেনে হিঁচড়ে নিরাপত্তা বাহিনীর ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ১৯৮৮ সালের ছাত্রগণঅভ্যুত্থানের পর সামরিক জান্তার বিরুদ্ধে এটাই মিয়ানমারের সবচেয়ে বড় বিক্ষোভ। ৮৮' সালের ওই অভ্যুত্থানে সেনা-পুলিশি হামলায় প্রায় ৩,০০০ মানুষ নিহত হয়েছিল। আগস্ট মাসে জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া (৫০০ ভাগ পর্যন্ত) এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করতে থাকে। দুর্নীতির সূচকে এবার মিয়ানমার তালিকার শীর্ষে রয়েছে। উপরন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ সামরিক জান্তা পাল্টা দমন পীড়ন শুরু করলে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। রাজধানী ইয়াঙ্গুনসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকলে ৮৮'র ছাত্রঅভ্যুত্থানের সাবেক নেতাসহ বেশ কয়েকজন শীর্ষ বিরোধী রাজনীতিককে গ্রেপ্তার করে জান্তা সরকার। এতে সাময়িকভাবে বিক্ষোভ সামাল দিতে পারলেও ভিক্ষুদের প্রতিবাদে সেনা নিপীড়নের মধ্য দিয়ে বর্তমান জনবিক্ষোভের রূপ নেয় জান্তাবিরোধী প্রতিবাদ। গত সপ্তাহের শুরুতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা আন্দোলন শুরু করলে পাকাক্কু শহরে সেনাবাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে ও ফাঁকা গুলি ছোঁড়ে। ওই ঘটনায় দায়ীদের ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষুরা এক সপ্তাহ সময় বেঁধে দেন। কিন্তু কেউ ক্ষমা না চাওয়ায় গত মঙ্গলবার থেকে তারা সেনা-বয়কট আন্দোলন শুরু করেন এবং বিভিন্ন শহরে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। সামরিক জান্তার পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ভিক্ষুরা। ভিক্ষুদের সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সু চির বাড়ির রাস্তাটি বন্ধ থাকলেও শনিবার ভিক্ষুরা মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়নি। ওই দিন সু চি বাড়ি থেকে বের হয়ে এসে মিছিলকারীদের অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে সু চি ২০০৩ সালের পর প্রথম জনসমক্ষে আসেন। সু চি গত ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দী আছেন। গত ১৮ বছরের মধ্যে প্রায় ১১ বছরই বন্দী জীবন কাটিয়েছেন তিনি। রোববার প্রথমবারের মত নারী ভিক্ষুরা এ বিক্ষোভে যোগ দিলে আরও বেগবান হয় বিক্ষোভ। উৎসাহী জনতা ধীরে ধীরে শামিল হতে থাকে ভিক্ষুদের মিছিলে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ভিক্ষুদের সমর্থন দেন বিভিন্ন শহরের বাসিন্দারা। ভিক্ষুদের মিছিলের দুপাশে হাতে হাত রেখে তাদের সঙ্গে চলতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-তরুণ-জনতার কাফেলা। সোমবার ইয়াঙ্গুনের রাজপথে নেমে আসেন কমপক্ষে দশ হাজার ভিক্ষু। আরও প্রায় একলাখ মানুষ বিক্ষোভে যোগ দেয় বলে খবর প্রচার করেছে বিভিন্ন বার্তা সংস্থা। রাজধানীতে এ বিশাল জনবিক্ষোভে ৮৮'র ছাত্র অভ্যুত্থানের আবহ ছড়িয়ে পড়ে মিয়ানমারে। বিক্ষোভে যোগ না দিতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে মাইকিং করে সেনা সদস্যরা। বিক্ষোভ ঠেকাতে বিপুল সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় রাজধানীতে। মঙ্গলবার জান্তার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কঠোর নিরাপত্তা পাহারার মধ্যে দিনভর বিক্ষোভ হয় এবং প্রথমবারের মতো সরাসরি গণতন্ত্রের শ্লোগানে মুখর হয় ভিক্ষু ও সাধারণ জনতা। ভিক্ষু আর সাধারণ মানুষের বিক্ষোভ ও সেনাবাহিনীর বলপ্রয়োগের হুমকিতে ১৯৮৮ সালের ছাত্র অভ্যুত্থানের মত পরিস্থিতি সৃষ্টি হয়। জান্তাবিরোধী ছাত্র বিক্ষোভের সময় ব্যবহৃত 'লড়াইরত পায়রা' প্রতীকের পতাকা বহন করতে দেখা গেছে ভিক্ষুদের। এছাড়া অন্যান্য দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুনও বহন করে তারা। তবে কোনো সংঘাতের ঘটনা ছাড়াই মঙ্গলবারও শান্তিপূর্ণভাবে শেষ হয় ভিক্ষু-জনতার গণমিছিল। কিন্তু রাত থেকেই ইয়াঙ্গুনের শোয়েডাগন ও সুলে প্যাগোডাসহ গণ আন্দোলনের কেন্দ্রে পরিণত হওয়া বিভিন্ন উপাসনালয়কে ঘিরে বিপুল সেনা ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বুধবার সকালে এসব বাধা উপেক্ষা করে বিভিন্ন প্যগোডায় সমবেত হয়ে ভিক্ষু-জনতা একত্রিত হতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়। সুলে প্যাগোডার সামনে গুলি এবং শোয়েডাগনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন স্থানে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় সেনা ও পুলিশ সদস্যরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/জিএনএ/এমএ/১৯৫৯ ঘ.