বৈরুত, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয়েছে লেবাননের পার্লামেন্ট। হিজবুল্লাহ ও সমমনা বিরোধী দলগুলোর বেশিরভাগ এমপি মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে যোগ না দেওয়ায় কোরাম সংকটের কারণে সিরিয়াপন্থী প্রেসিডেন্ট এমাইল লাহুদের কোনো বিকল্প নির্বাচন করতে পারেনি পশ্চিমা সমর্থক ক্ষমতাসীনরা।
তবে ২৩ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এর আগেই আলোচনায় বসতে সম্মত হয়েছে উভয়পক্ষই। এ সমঝোতার ফলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা আপাতত কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২৩ নভেম্বর প্রেসিডেন্ট লাহুদের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন নতুন প্রেসিডেন্ট নিবাচন করতে হবে লেবাননকে। অন্যথায় বিদায়ী রাষ্ট্রপ্রধান একটি অন্তবর্তী প্রশাসন ঘোষণা করতে পারেন। এরকম পরিস্থিতি তৈরি হলে পশ্চিমাপন্থী ও সিরিয়াপন্থী শিবিরে বিভক্ত দেশটির রাজনৈতিক অঙ্গন আরও গভীর সংকটে পড়বে।
গত সপ্তাহে গাড়িবোমা হামলায় খ্রিস্টান এমপি অ্যান্টনি ঘানেম হত্যাকাণ্ডের পর থেকে চলতে থাকা চরম নিরাপত্তা ভীতির কারণে পার্লামেন্ট অধিবেশনে নিরাপত্তা জোরদার করা হয়। অধিবেশন শুরুর আগে থেকেই কয়েক হাজার লেবানিজ সেনা ও পুলিশ পার্লামেন্ট ভবন পাহারা দিচ্ছিল।
এছাড়াও বেশিরভাগ এমপিকে তাদের আবাসস্থল থেকে পুলিশ পাহারায় পার্লামেন্টে নিয়ে আসা হয়। দেশটির বেশিরভাগ সরকারপন্থী এমপিই এখন উপকূলীয় এলাকায় নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা একটি হোটেলে বসবাস করছেন।
এদিকে, পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি আগামী ২৩ অক্টোবর পার্লামেন্টের পরবর্তী অধিবেশন অনুষ্ঠানের ডাক দিয়েছেন। বিরোধী দলীয় নেতা নাবিহ বেরি সিরিয়াপন্থী হিসেবে পরিচিত।
দেশটিতে চলমান রাজনৈতিক বিরোধের বরফ গলার আশা জাগিয়ে স্পিকার বেরি মঙ্গলবার সিরিয়াবিরোধী নেতা দেশটির নিহত প্রধানমন্ত্রী রফিক আল-হারিরির ছেলে সাদ আল-হারিরি এবং তার রাজনৈতিক জোট নেতাদের সঙ্গে দেখা করেন। গত কয়েকমাসের মধ্যে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।
ওই সাক্ষাতের পর পার্লামেন্টের ডেপুটি স্পিকার হারিরিপন্থী নেতা ফরিদ মাকারি বলেন, "সবকিছুর পরও আমরা (বিরোধীদের সঙ্গে) গঠনমূলক আলোচনা করতে চাই। প্রেসিডেন্ট নির্বাচনের অচলাবস্থা কাটিয়ে উঠে লেবাননকে একটি সম্ভাব্য রাজনৈতিক শূন্যতা থেকে রক্ষা করতে চাই।"
সাদ আল-হারিরির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট 'মার্চ ফোরটিন' (মার্চ ১৪) এর একটি লিখিত বিবৃতি থেকে ডেপুটি স্পিকার ওই মন্তব্য পড়ে শোনান।
২০০৫ সালে প্রধানমন্ত্রী রফিক আল-হারিরির হত্যাকাণ্ডের পর লেবাননের রাজনৈতিক অস্থিতিশীলতা নতুন রূপ নেয়। ওই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপের কারণে সিরিয়া লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। কিন্তু এরপর দেশটিতে অস্থিতিশীলতা আরও বেড়ে যায় এবং গত দ্ইু বছরে মোট ছয়জন সিরিয়াবিরোধী এমপি নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৬ ঘ.
bdnews24