২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোমবার। তিনি কংগ্রেসের ছাত্র ও যুব শাখার দায়িত্বে থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বেকায়দায় থাকা মনমোহন সরকারের পতনের আশঙ্কায় মধ্যে আগাম নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখেই দলকে চাঙ্গা করতে রাহুলকে নেতৃত্বে আনা হল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাহুল গান্ধী ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোমবার। তিনি কংগ্রেসের ছাত্র ও যুব শাখার দায়িত্বে থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বেকায়দায় থাকা মনমোহন সরকারের পতনের আশঙ্কায় মধ্যে আগাম নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখেই দলকে চাঙ্গা করতে রাহুলকে নেতৃত্বে আনা হল বলে মনে করছেন বিশ্লেষকরা। ৩৭ বছর বয়সী রাহুল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একমাত্র ছেলে এবং গান্ধী-নেহরু রাজনৈতিক পরিবারের কনিষ্ঠতম রাজনীতিক। রাহুলকে সাধারণ সম্পাদক করা ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ রাজ্যের দলীয় প্রধানের পদেও পরিবর্তন এবং কেন্দ্রীয় পরিষদে রদবদল করেছে কংগ্রেস। নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীরা রাহুলকে সাধারণ সম্পাদক মনোনীত করার খবরে ড্রাম বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। কর্মীদের অভিন্দন গ্রহণ করতে বাইরে এলে ফুলের মালা দিয়ে তরুণ এ নেতাকে বরণ করে নেয় তারা। ২০০৪ সালের নির্বাচনের আগে আকস্মিকভাবে রাজনীতিতে আসেন রাহুল। গান্ধী পরিবারের আসন হিসেবে পরিচিত উত্তর প্রদেশের আমেথি থেকে নির্বাচন করে সে বছরই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রাহুল। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসার কথা বহুদিন ধরে শোনা গেলেও এতোদিন সাইড লাইনেই ছিলেন রাহুল। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে বরাবরই রাহুল বলে আসছিলেন যে পার্টিকে আরও ভালমতো সেবা করার কাজটি আগে শিখতে চান তিনি। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কংগ্রেসকে সমর্থন দেওয়া বামপন্থী জোট এবং বিরোধী বিজেপির প্রচণ্ড চাপের মুখে রয়েছে মনমোহন সরকার। চুক্তি নিয়ে বামপন্থীদের সঙ্গে মতপার্থক্য কমানোর চেষ্টায় যৌথপ্যানেল গঠন করেও তেমন সুফল পায়নি কংগ্রেস সরকার। বামপন্থীরা বলছে আগামী পার্লামেন্ট অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত চুক্তিটি ছয়মাস পিছিয়ে দিতে। চুক্তিটি পার্লামেন্ট অধিবেশনে তুলে বিস্তারিত আলোচনা এবং তা নিয়ে ভোটাভুটির পরই ওই চুক্তি স্বাক্ষর করার পক্ষে বামেরা। কিন্তু কংগ্রেস সরকার এবং যুক্তরাষ্ট্র বলছে এতোদিন অপেক্ষা করা সম্ভব নয় কেননা যুক্তরাষ্ট্রে আগামী বছর নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগে বর্তমান মার্কিন কংগ্রেস থেকেই চুক্তির চূড়ান্ত অনুমোদন নিতে চায় বুশ প্রশাসন। এ বিরোধের মীমাংসা না হলে বামপন্থী জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে এবং এর ফলে ভারতে একটি মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী মনমোহন সিং কিছুদিন আগে বলেছিলেন বামেরা সমর্থন প্রত্যাহার করে নিলেও চুক্তি থেকে পিছিয়ে আসা সম্ভব নয়। এখন কংগ্রেসের সর্বভারতীয় পরিষদে রাহুলকে নেতৃত্বে আনার মধ্য দিয়ে দলকে গতিশীল করা এবং নির্বাচনের প্রস্তুতির দিকেই যেতে চাইছে দলটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৫০ ঘ.