২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি ইসরায়েল

ইসরায়েল আরো ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রূপরেখা নিয়ে আগামী নভেম্বরে সম্মেলনের আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে উৎসাহ দেওয়ার জন্য বন্দিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

জেরুসালেম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল আরো ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রূপরেখা নিয়ে আগামী নভেম্বরে সম্মেলনের আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে উৎসাহ দেওয়ার জন্য বন্দিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। প্রায় দুই সপ্তাহ বিলম্বের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মন্ত্রীসভা বন্দি মুক্তির বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিল। আগামী রোববার মন্ত্রিসভার একটি কমিটি বন্দিদের তালিকা চূড়ান্ত করবে। আশা করা হচ্ছিল ইসরায়েল একশ' ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। বন্দি মুক্তির তালিকা ছোট করার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাসের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে তা মোকাবিলায় আব্বাসকে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য জোট সরকারের চাপের মুখে আছেন ওলমার্ট। গত জুনে গাজা উপত্যকা থেকে বসতি ও সেনা প্রত্যাহারের পর ইসরায়েল আড়াইশ' ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিয়েছিল। এদের অধিকাংশ ফাতাহ সদস্য। নতুন যে ৯০ বন্দিকে মুক্তির জন্য মনোনীত করা হয়েছে তাদেরও সবাই প্রায় ফাতাহ সদস্য। ইসরায়েলের মন্ত্রী পরিষদ সদস্য গিডেন এজরা বলেন, "আমরা চাই ফিলিস্তিনের সঙ্গে আলোচনা নতুন করে শুরু করতে। আর আমার মনে হয়, বন্দি মুক্তির বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।" তবে আরেক মন্ত্রী ইয়াতজাক আহরনোভিজ বন্দি মুক্তির বিষয়টি সহজভাবে নিতে পারেন নি। এর বিরধিতা করে তিনি বলেন, "আমরা তাদের সব দেব আর বিনিময়ে কিছুই পাবনা, তা হয়না।" বন্দি মুক্তির বিষয়টি ফিলিস্তিনিদের কাছে খুবই উৎসাহব্যাঞ্জক। ইসরায়েলি কারাগারে এখনো প্রায় ১১ হাজার ফিলিস্তিনি বন্দি আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৩ঘ.