২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে দুই দশকের সবচেয়ে বড় বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের নিন্দা

মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে রোববার। সামরিক জান্তার পতনের দাবিতে নারী ভিক্ষুরা প্রথমবারের মত এ বিক্ষোভে যোগ দিয়েছেন। মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির অভিনন্দনের পরদিনই নারী ভিক্ষুরা বিক্ষোভে যোগ দিলেন। তবে রোববার ভিক্ষুদের মিছিল সু চির বাড়ির দিকে যেতে দেওয়া হয়নি। এদিকে, চলমান এই বিক্ষোভের মধ্যে মিয়ানমার জান্তা সরকারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 09:41 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে রোববার। সামরিক জান্তার পতনের দাবিতে নারী ভিক্ষুরা প্রথমবারের মত এ বিক্ষোভে যোগ দিয়েছেন। মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির অভিনন্দনের পরদিনই নারী ভিক্ষুরা বিক্ষোভে যোগ দিলেন। তবে রোববার ভিক্ষুদের মিছিল সু চির বাড়ির দিকে যেতে দেওয়া হয়নি। এদিকে, চলমান এই বিক্ষোভের মধ্যে মিয়ানমার জান্তা সরকারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি এ খবর জানিয়েছে। রোববার ইয়াঙ্গুনের শেডাগং প্যাগোডায় প্রার্থনা করতে সমবেত হওয়া দুই হাজারেরও বেশি পুরুষ ভিক্ষুর সঙ্গে যোগ দেন প্রায় একশ নারী ভিক্ষু। দেশের এক সময়কার রাজধানী ইয়াঙ্গুনের কেন্দ্রস্থল অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার আগে তারা প্যাগোডায় প্রার্থনা করেন। সামরিক সরকারের পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সপ্তম দিনে রোববার সাধারণ মানুষও ভিক্ষুদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। ইয়াঙ্গুন শহরের বিভিন্ন অংশে প্রায় পাঁচটি মিছিল হয়েছে। এ সব মিছিলে প্রায় ২০ হাজার মানুষ যোগ দেয় বলে প্রতক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ভিক্ষু ও সাধারণ জনগণের মিছিল ছিল শান্তিপূর্ণ। কখনো কখনো মিছিল থেকে সরকার বিরোধী শ্লোগান দেওয়া হলেও এতে কোনো উত্তেজনা ছিল না। আইন-সৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশাল মিছিলে কোথাও বাধা দেয়নি। সড়কে কোথাও পুলিশ বা সেনা সদস্যদের টহল দিতেও দেখা যায়নি। বরং মিছিল এগিয়ে যেতে থাকলে রাস্তায় লোকজনকে করতালি দিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তবে রোববার আন্দেলনরত ভিক্ষুদের মিছিল নিয়ে গৃহবন্দী বিরোধী নেত্রী অং সান সু চির বাড়ির দিকে যেতে দেওয়া হয়নি। তার বাড়ির রাস্তায় ছিল কড়া নিরাপত্তা প্রহরা। পথটি কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ। ভিক্ষুদের সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সু চির বাড়ির রাস্তাতি বন্ধ থাকলেও শনিবার ভিক্ষুরা মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়নি। ওই দিন সু চি বাড়ি থেকে বের হয়ে এসে ভিক্ষুদের অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে সু চি ২০০৩ সালের পর প্রথম জনসম্মুখে আসেন। সু চি গত ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দী আছেন। গত ১৮ বছরের মধ্যে তিনি ১১ বছর বন্দী জীবন কাটিয়েছেন। এদিকে, মিয়ানমারে চলমান সরকার বিরেধী আন্দোলনের জন্য সরকারের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, "মিয়ানমারের মানুষের আরো ভালভাবে বাঁচার অধিকার আছে। অন্যদের মতো তাদেরও অধিকার আছে স্বাধীনতা ভোগ করার।" তিনি আরো বলেন, "মিয়ানমার শাসকগোষ্ঠীর বর্বরতার কথা সবাই জানে। তাই এ বিষয় নিয়ে আমরা কথা বলে যাব। আর প্রেসিডেন্ট বুশও অবশ্যই এ নিয়ে কথা বলবেন।" গত এক সপ্তাহ ধরে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারের বিভিন্ন শহরে নিয়মিত সমাবেশ ও মিছিল করছে। এছাড়া সামরিক জান্তার সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তাদের বয়কট আন্দোলনও চলছে একই সঙ্গে। কয়েক সপ্তাহ আগে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা আন্দোলন শুরু করলে পাকাক্কু শহরে সেনাবাহিনী তাদের ওপর লাঠি চার্জ ও গুলি করে। ওই ঘটনার জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষুরা এক সপ্তাহ সময় বেঁধে দেয়। কিন্তু কেউ ক্ষমা না চাওয়ায় গত মঙ্গলবার থেকে ভিক্ষুরা বয়কট আন্দোলন শুরু করে। ভিক্ষু নেতারা ঘোষণা দিয়েছেন, সামরিক সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১১৭ঘ.