ইয়াংগন, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা জান্তা সরকারের পতন ঘটতে মরিয়া হয়ে উঠেছে। দফায় দফায় সরকার বিরোধী বিক্ষোভ করে চলেছে তারা। সরকারের বিরুদ্ধে শুক্রবারও বিক্ষোভে রাস্তায় নেমেছে প্রায় ৬শ' বৌদ্ধ ভিক্ষু। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন-বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
বিবিসি জানায়, বৌদ্ধ ভিক্ষুদের সর্বদলীয় জোট এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। রেঙ্গুনে প্রায় ১৫০০ বৌদ্ধ ভিক্ষুর এযাবৎকালের সবচে বড় বিক্ষোভ-সমাবেশ থেকে বিবৃতিটি ইসু করা হয়। সমালোচকদের খামোশ করে দেওয়ার মিয়ানমার সরকারের চেষ্টার প্রতিবাদে শুক্রবার ৪র্থ দিনের মতো এই বিক্ষোভে নামে বৌদ্ধ ভিক্ষুরা।
মিয়ানমারের এই সঙ্কটে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা। কড়া ভাষার এক বিবৃতিতে ভিক্ষুদের সর্বদলীয জোট সামরিক জান্তা সরকারকে জনগণের শত্র" অভিহিত করেছে এবং এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "সামরিক একনায়কতন্ত্রকে বার্মা থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে"।
"মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা এই প্রথম এভাবে প্রকাশ্যে সরকারকে চ্যালেঞ্জ জানাল।" বিবিসি'র সাংবাদিক জোনাথন হেড একথা বলেছেন।
রয়টার্স জানায়, বৌদ্ধ ভিক্ষুদের চলমান এই প্রতিবাদ-বিক্ষোভে উদ্বেগ-উৎকণ্ঠায় আছে মিয়ানমার জান্তা সরকার । দেশটির বিভিন্ন শহরে ভিক্ষুদের পদযাত্রা প্রতিদিনকার নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে প্রায় পাঁচশ' ভিক্ষু সাবেক বার্মার পবিত্রতম স্থান শেডাগং প্যাগোডায় প্রতিবাদী প্রার্থনা করেন।
শেডাগং প্যাগোডা দুদিন তালাবদ্ধ রাখার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। এ সময় প্রায় পাঁচশ' ভিক্ষু ধর্মীয় শ্লোগান দিতে দিতে প্যাগোডার ভেতরে প্রবেশ করেন। সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা তাদের অনুসরণ করেন। ভিক্ষুরা ভেতরে ঢুকে প্রার্থনা করেন।
এর আগে প্যাগোডায় আসার পথে ভিক্ষুদের পদযাত্রায় অংশ নেন কয়েকশ সাধারণ জনগণ। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে পুলিশ তাদের বাধা দেয়। এছাড়া মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা ওয়াং সান সু কি'র বাড়ির পাশের নিরাপত্তা এ সময় জোরদার করা হয়।
গত কয়েক সপ্তাহ আগে জ্বালনির দাম বৃদ্ধির প্রতিবাদে পাকোক্কু শহরে আন্দোলনরত ভিক্ষুদের ওপর পুলিশ লাঠিচার্জ ও গুলি করে। এর পর থেকে ভিক্ষুদের আন্দোলন আরো জোরদার হয়।
গত এক সপ্তাহ আগে ভিক্ষুরা ঘোষণা দেন ওই ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা ক্ষমা না চাইলে তারা সামরিক সরকারের কোনো সদস্য ও তাদের সহযোগীদের ভিক্ষা গ্রহণ করবেন না । শেষ পর্যন্ত কেউ ক্ষমা না চাওয়ায় ভিক্ষুরা গত সোমবার থেকে সরকারি কর্মকর্তদের বিরুদ্ধে বয়কট আন্দোলন শুরু করেন।
বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে ভিক্ষুদের এই ধর্মীয় বয়কট আন্দোলনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার।
রজনৈতিক দিক দিয়ে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের বেশ প্রভাব। কয়েক দশকের সামরিক সাশনের বিরুদ্ধে ১৯৮৮ সালের গণজাগরনে ভিক্ষুদের ভূমিকা ছিল অগ্রগামী। সেই বিক্ষোভ দমনে সেনাবাহিনী মাঠে নামাতে হয়েছিল। সে সময় প্রায় তিন হাজার লোকের প্রাণহানি হয়।
এর দু'বছর পর নির্বাচনে পরাজয়ের পর সামরিক জান্তা ফলাফল অস্বীকার করলে ভিক্ষুরা এ ধরনের বয়কট আন্দোলন করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৫ঘ.
bdnews24