ম্যানিলা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনে গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো'র সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র নস্যাৎ করতে শুক্রবার রাজধানী ম্যানিলায় বেশ কিছু সেনা মোতায়েন করা হয়েছে। প্রায় ১,০০০ সেনাকে রাজধানীতে এনে প্রস্তুত রাখা হয়েছে। সেনাপ্রধান জেনারেল হারমোজেনেস এসপেরোন একথা জানিয়েছেন।
সাবেক সেনা সদস্যদের একটি অংশের ক্ষমতা দখলের পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে ছয়জন জুনিয়র অফিসারের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সেনাপ্রধান বলেন,"যে কোনো পরিস্থিতিতে আমাদের এই সেনা প্রয়োজন হতে পারে।"
তিনি বলেন,"আমরা আগেই বলেছি, ষড়যন্ত্র চলছে ,তাই আমরা নিরাপদ থাকতে চাই। রাজধানীতে সময়মতো সহায়তার জন্য সর্বক্ষণ তাদেরকে পাশে রাখতে চাই আমরা।"
সেনাবাহিনী জানিয়েছে, একটি চীনা টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির সময় দুর্নীতির অভিযোগের সুযোগে অ্যারোয়ো বিরোধী গ্র"পগুলো সেনাদের মধ্যে ঝামেলা পাকাতে চাচ্ছে।
সেনা প্রধান আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেনাসদস্য রিক্রুটের সময় নিয়ম লঙ্ঘন করে ইচ্ছেমতো সেনা নির্বাচনে জড়িত থাকার অভিযোগে ছয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। কিছু সাবেক সেনা কর্মকর্তার ক্ষমতা দখলের ষড়যন্ত্র সফল করতেই তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, সেনাবাহিনী ও সরকারের এসব বক্তব্যকে ঘটনা আড়াল করে জনগণের দৃষ্টি অন্য দিকে সরানো এবং এ ঘটনাকে কাজে লাগিয়ে বিরোধীদের চাপে রাখার চেষ্টা বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।
ফিলিপাইনের 'ইন্সটিটিউট অফ পলিটিক্যাল এন্ড ইলেক্টোরাল রিফর্মে'র বিশ্লেষক আর্ল পারিনো বলেন,"সেনাবাহিনীতে একদল দ্রোহী সেনা থাকতে পারে কিন্তু সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা তাদের নেই। তাছাড়া তাদের সব নেতারাই এখন আটক।"
তিনি বলেন," আসলে এখন একটা প্রচারণা যুদ্ধ চলছে।"
ফিলিপাইনে কোনো সরকারকে হটানোর একটি অন্যতম চাবিকাঠিতে পরিণত হয়েছে সেনাবাহিনী। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দুজন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয় সেনাবাহিনীর সহায়তা নিয়ে। বর্তমান প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোয়োও ২০০১ সালের এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। তবে এরপর ২০০৩ সালে অপর একটি অভ্যুত্থান নস্যাৎ করতে সক্ষম হয় তার সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24