২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে বিরোধীদলগুলো

পাকিস্তানে আগামী ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা এবং মুশাররফের পুননির্বাচনী চেষ্টার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চত্বরে শুক্রবার তুমুল বিক্ষোভ করেছেন বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্র্মীরা। নির্বাচন কমিশন মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করলে সব বিরোধী দলের একযোগে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 09:57 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে আগামী ৬ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা এবং মুশাররফের পুননির্বাচনী চেষ্টার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চত্বরে শুক্রবার তুমুল বিক্ষোভ করেছেন বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্র্মীরা। নির্বাচন কমিশন মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করলে সব বিরোধী দলের একযোগে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা। প্রধানত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রায় ৫০০ নেতাকর্মী সুপ্রিম কোর্ট চত্বরে মুশাররফ বিরোধী শ্লোগান দেওয়াসহ দেশে সেনা শাসন অবসানের দাবিতে 'প্রতীকী কফিন' বহন করেছে। মুশাররফের একইসঙ্গে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি চলাকালে ওই বিক্ষোভ হয়। পাকিস্তানের ইসলামি রাজনৈতিক জোটের নেতা হাফিজ হুসাইন আহমেদ বলেন,"নির্বাচন কমিশনার মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করলে বিরোধী দলগুলো একযোগে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' থেকে পদত্যাগ করবে।" জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ থেকে বিরোধী দলগুলো বেরিয়ে গেলে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ না হলেও ওই নির্বাচনের বৈধতা নিয়ে সংকটে পড়বেন মুশাররফ। ৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা এবং ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলেও একন পর্যন্ত কোনো খ্যাতনামা রাজনীতিক ওই নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দেননি। এদিকে মুশাররফ তার ক্ষমতার মূল উৎস সেনাবহিনীতে রদবদলের মাধ্যমে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার পদক্ষেপ নিয়েছেন শুক্রবার। পুননির্বাচিত হলে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর শুক্রবার তিনি আইএসআই-এর নতুন প্রধান নিয়োগ করেন এবং আরও বেশকিছু শীর্ষ পদে রদবদল করেন। মুশাররফের একইসঙ্গে প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের পদে থাকা এবং সেনাপ্রধান থাকা অবস্থায় আবারও নির্বাচন করার বৈধতা এবং একই পার্লামেন্টের মাধ্যমে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচনের অনুমোদন নিয়ে বেশ কয়েকটি মামলা ও আপিলের শুনানি চলছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে। পাকিস্তানের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক পত্রিকা 'দ্য ডন' শুক্রবার লিখেছে, আগামী সপ্তাহেই মুশাররফের বিরুদ্ধে রুল জারি করতে পারে সুপ্রিম কোর্ট। মুশাররফকে পুনর্নির্বাচন থেকে ঠেকাতে কি ধরনের পদক্ষে নেওয়া হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কোনো কোনো কর্মকর্তা বলছেন, পুননির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে জরুরি অবস্থা জারির দিকে যেতে পারেন মুশাররফ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৩০ ঘ.