দুবাই, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে কাফের ঘোষণা করে তার বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। গত জুলাইতে ইসলামাবাদের লাল-মসজিদ হত্যাকান্ডের শোধ নিতে বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন ভিডিওতে তিনি এই অঙ্গীকার করেন। একটি ওয়েবসাইট এ খবর জানায়।
নতুন ভিডিও টেপে লাদেন বলেন, "আল্লাহকে সাক্ষ্য রেখে আল-কায়েদা অঙ্গীকরা করছে, বিদ্রোহী আধ্যাত্মিক নেতা আব্দুল রশিদ গাজী ও তার সঙ্গে যারা নিহত হয়েছিলেন তাদের রক্তের প্রতিশোধ আমরা নেব।"
তবে লরাম্যানসফিল্ড ডটকম নামের ওয়েবসাইটটি লদেনের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করেনি।
'সাইটইন্সস্টিটিউট ডট অরগ' নামের একটি মার্কিন ওয়েবসাইট লাদেনের উদ্ধৃতি দিয়ে জানায়, "সুতরাং পারভেজ মুশাররাফ, তার মন্ত্রীরা, তার সেনারা এবং তার সাহায্যকারী সবাইকে অবশ্যই শাস্তি পেতে হবে। যারাই মুশাররফকে জেনেশুনে সাহায্য করেছেন তারা সবাই তার মতো কাফের।"
এ সমস্ত ওয়েবসাইটের খবরগুলো তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি ইসলামিক ওয়েবসাইট এর আগে জানিয়েছিল, তারা খুব শিগগির লাদেনের একটি নতুন ভিডিও প্রকাশ করবে। যে ভিডিওতে লাদেন মুশাররফ ও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
গত জুলাইতে ইসলামাদের লাল সমজিদ কমপ্লেক্সে সেনা অভিযানে বিদ্রোহী আধ্যাত্মিক নেতা আব্দুল রশিদ গাজী ও তার প্রায় একশ অনুসারী নিহত হয়। গাজী ও তার অনুসারীরা তালেবান পন্থী বলে পরিচিত ছিল।
প্রায় তিন বছর পর গত ৭ সেপ্টেম্বর লাদেনের নতুন ভিডিও প্রকাশ করে আল-কায়েদা। এতে তিনি বলেন, "অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার শীর্ষে থাকা স্বত্ত্বেও আমেরিকা নিরাপদ নয়।"
এরপর গত ১১ সেপ্টেম্বর লাদেনের একটি অডিও টেপ প্রকাশ করা হয়। এতে তিনি ছয় বছর আগে নিউইয়র্ক ও ওয়াশিংটনে বিমান হামলাকারীদের প্রশংসা করেন। নাইন ইলেভেনের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অডিও টেপ প্রকাশ করা হয়।
ধারণা করা হয়, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিন লাদেন লুকিয়ে আছেন। দূর্গম এই অঞ্চলকে মার্কিন বাহিনী আল-কায়েদার নিরাপদ ঘাঁটি বলে অভিহিত করে থাকে।
পাকিস্তানের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ আগামী ৬ অক্টোবর পূনর্নির্বাচন করবেন। সুপ্রিম কোর্টের আইনি চ্যালেঞ্জ ও দিনদিন জনসমর্থন কমা সত্ত্বেও তিনি এই নির্বাচন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.
bdnews24