তেহরান, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আক্রান্ত হলে নিজেদের রক্ষায় সম্ভাব্য সব পন্থাই ব্যবহার করা হবে। ইরান সরকারের এক মুখপাত্র বুধবার এ কথা জানান। পরমাণু ইসুতে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি মন্তব্য করার তিন দিন পর ইরান এ ঘোষণা দিল।
আক্রান্ত হওয়ার পর ইরান 'হরমুজ প্রণালী' বন্ধ করে দেবে কিনা এ প্রশ্নের জবাবে সরকারি মুখপাত্র গোলমহোসেইন এলহাম বলেন, "এটা 'অতি-কল্পনা'। কোনো বোকাই এ কাজ করবে না।" জ্বালানি তেল পরিবহনের জন্য এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ।
তবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নিজেদের রক্ষা করতে আমরা সম্ভাব্য সকল উপায় ব্যবহার করবো। কেননা প্রতিটি রাষ্ট্রের কাছে ভৌগলিক অখণ্ডতা খুবই গুরুত্বপূর্ণ।"
এর আগে ইরান হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তারাও তাদের আঞ্চলিক স্থাপনায় হামলা চালাবে।
ইরান বিশ্বের চতুর্থ বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। আমেরিকাসহ পশ্চিমা শক্তির অভিযোগ দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। দেশটি জানিয়ে দিয়েছে আক্রান্ত হলে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা তারা নাকচ করে দিচ্ছে না।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আক্রান্ত হলে ইরান হরমুজ চ্যানেল বন্ধ করে দিতে পারে। মার্কিন নৌবাহিনী প্রধানও আশঙ্কা করেন, ইরান এই চ্যানেলে মাইন পেতে রেখে তেলবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
কৌশলগত দিক দিয়ে হরমুজ চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। ইরানের উপকূলীয় সীমানার এই চ্যানেল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহণ করা হয়। ভূমধ্যসাগরে ঢুকতে হলে এই চ্যানেল দিয়েই যেতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১২৯ঘ.
bdnews24