২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের যুদ্ধ হুমকিতে আহমাদিনেজাদের সমালোচনা, চীনের বিরোধিতা

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, ইরানের পরামণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে ফ্রান্সের সরকারি কর্মকর্তারা যেসব মন্তব্য করেছেন তা নিছক প্রপাগান্ডা। একইসঙ্গে তিনি বলেছেন, ওইসব মন্তব্য গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার কোনো কারণ নেই। এদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে যুদ্ধের হুমকি দেওয়ার বিরোধিতা করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

তেহরান/বেইজিং, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, ইরানের পরামণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে ফ্রান্সের সরকারি কর্মকর্তারা যেসব মন্তব্য করেছেন তা নিছক প্রপাগান্ডা। একইসঙ্গে তিনি বলেছেন, ওইসব মন্তব্য গুরুত্বের সঙ্গে আমলে নেওয়ার কোনো কারণ নেই। এদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে যুদ্ধের হুমকি দেওয়ার বিরোধিতা করেছে চীন। ফ্রান্স ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানের তীব্র বিরোধিতা করলেও নিকোলাস সারকোজি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশটি ইরানের ওপর আরও কঠোর অবরোধ এবং সম্ভাব্য সমারিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে। তেহরানের অস্বীকৃতি সত্ত্বেও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে যে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিতর্ক অবসানে কূটনৈতিক পন্থা অবলম্বনের কথা বলে আসলেও তা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পন্থাকে বাতিল করে দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্টে মঙ্গলবার ফরাসি কর্মকর্তাদের ওইসব মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, "সংবাদ মাধ্যমে যেসব মন্তব্য করা হয়েছে তা সত্যিকারের মন্তব্য থেকে আলাদা। সুতরাং এসব হুমকি মারাত্মক হবে বলে আমরা মনে করছি না।" এদিকে, চীন সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদেরকে যুদ্ধের হুমকি দেওয়ার বিরোধী চীন। একইসঙ্গে তিনি বলেন, পরমাণু সমস্যার একটি কূটনৈতিক সমাধানের পক্ষে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ওয়াইউ মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, "আমরা বিশ্বাস করি কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করাই সবচেয়ে ভাল পন্থা।" ইরানের সঙ্গে যুদ্ধ সম্পর্কিত ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আন্তর্জাতিক বিষয়ে সহসাই শক্তি প্রয়োগের হুমকিকে অনুমোদন দেই না আমরা।" উল্লেখ্য, ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলোন সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর জন্য সব ধরনের পদক্ষেপই নিতে হবে। যদিও এর আগের দিন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড কুচনা বলেন, তার দেশকে অবশ্যই ইরানের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ আসন্ন বলে মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৩০ ঘ.