২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নশীল দেশের পাচার করা সম্পদ উদ্ধারে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের বিশেষ উদ্যোগ

উন্নয়নশীল দেশের দুর্নীতিবাজ নেতাদের পাচার করা সম্পদ উদ্ধারের প্রক্রিয়া সহজ ও এ বিষয়ে ধনী দেশগুলোকে উৎসাহিত করতে সোমবার একটি পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ ও বিশ্বব্যাংক। চুরি হওয়া সম্পদ উদ্ধার বা স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিসিয়েটিভ (এসটিএআর) নামের এ পদক্ষেপের মাধ্যমে ফিরে পাওয়া সম্পদ উন্নয়নশীল দেশগুলোতে যথাযথভাবে বিনিয়োগের দিকেও নজর রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ১৭ (রয়টার্স/বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উন্নয়নশীল দেশের দুর্নীতিবাজ নেতাদের পাচার করা সম্পদ উদ্ধারের প্রক্রিয়া সহজ ও এ বিষয়ে ধনী দেশগুলোকে উৎসাহিত করতে সোমবার একটি পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ ও বিশ্বব্যাংক। চুরি হওয়া সম্পদ উদ্ধার বা স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিসিয়েটিভ (এসটিএআর) নামের এ পদক্ষেপের মাধ্যমে ফিরে পাওয়া সম্পদ উন্নয়নশীল দেশগুলোতে যথাযথভাবে বিনিয়োগের দিকেও নজর রাখা হবে। উন্নয়নশীল দেশে বিশ্বব্যাংকের নেওয়া দুর্নীতিবিরোধী অভিযানের সামগ্রিক কৌশলের একটি অংশ হিসেবে এসটিএআরকে আখ্যায়িত করেছেন সংস্থার প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, "চুরি যাওয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে এসটিএআর ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক উন্নয়নে সহায়তা দেবে বলে আমি মনে করি।" তিনি বলেন, "সফল হওয়ার জন্য উন্নত দেশের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং তারা যে পরিস্থিতির গুরুত্ব বুঝতে সক্ষম হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে হবে।" বিশ্বব্যাংকের হিসেবে, অপরাধমূলক কর্মকাণ্ড, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে উন্নয়নশীল দেশ থেকে প্রতিবছর ১০ থেকে ১৬ হাজার কোটি ডলার পাচার হচ্ছে। দুর্নীতির মাধ্যমে প্রতিবছর আফ্রিকার দেশগুলোর মোট জিডিপির মোট ২৫ শতাংশ বা প্রায় এক হাজার ৪৮০ কোটি ডলার পাচার হয় বলেও মনে করছে সংস্থাটি। ব্যাংকের হিসেবে, পাচার হওয়া সম্পদের মধ্যে প্রতি ১০ কোটি ডলার দিয়ে এইচআইভি/এইডস আক্রান্ত ছয় লাখেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া অথবা ১০ কোটি ম্যালেরিয়া আক্রান্তকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা সম্ভব। পাচার করা সম্পদের বিষয়ে বিশ্বজুড়ে নেতিবাচক মনোভাব গড়ে উঠছে দাবি করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক জানান, "সুইস ব্যাংকের মতো কিছু কিছু প্রতিষ্ঠানের আচরণে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তারা মনে করছে, এ ধরনের ঘটনা বড় মাপের আর্থিক প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।" সম্পদ পুনরুদ্ধারের এ উদ্যোগ বিভিন্ন দেশকে জাতিসংঘের দুর্নীতিবিরোধী চুক্তি অনুমোদনে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এখন পর্যন্ত চারটি শিল্পোন্নত দেশ চুক্তিটি অনুমোদন করলেও কানাডা, জার্মানি, ইতালি ও জাপান তাতে স্বাক্ষর করেনি। ধনী দেশে পাচার হয়ে যাওয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে এখন আইনিসহ বিভিন্ন বাধার মুখে পড়তে হয় উন্নয়নশীল দেশগুলোকে। এ কারণে সুইস ব্যাংকে থাকা ফিলিপাইনের সাবেক শাসক ফার্দিনান্দ মার্কোসের ৬২ কোটি ৪০ লাখ ডলার উদ্ধার করতে সময় লাগে ১৮ বছর। অন্যদিকে, পাঁচ বছর চেষ্টা চালিয়ে নাইজেরিয়ার সাবেক স্বৈরশাসক সানি আবাচার পাচার করা ৫০ কোটি ডলার ফিরিয়ে আনতে পেরেছে দেশটির সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসএনডি/