২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেই উর্দি ছাড়বেন মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তার সেনাপ্রধানের পদ ছাড়বেন এবং নতুন মেয়াদের জন্য একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। মুশাররফের আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টকে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 08:01 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তার সেনাপ্রধানের পদ ছাড়বেন এবং নতুন মেয়াদের জন্য একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। মুশাররফের আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টকে একথা বলেছেন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে চান মুশাররফ। কিন্তু সেনাপ্রধানের পদ থেকে সরে না দাঁড়ানো এ পরিকল্পনার প্রধান অন্তরায়। তাই এখন সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার প্রতিশ্র"তির মাধ্যমে এ বাঁধা পেরোতে চাইছেন তিনি। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন জেনারেল পারভেজ মুশাররফ। সেই থেকে বিরোধীদলগুলোর বিরোধীতা সত্ত্বেও একইসঙ্গে সরকার প্রধান ও সেনাপ্রধানের পদও দখল করে আছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মুশাররফ। মুশাররফের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলাগুলোর এক শুনানিকালে তার প্রধান আইনজীবী শরীফুদ্দিন পীরজাদা সুপ্রিম কোর্টকে বলেন, "প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার পর এবং প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে জেনারেল পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন।" প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেনাপ্রধানের পদ ছাড়লে নিশ্চিতভাবেই দেশে মুশাররফের ক্ষমতা খর্ব হবে। দেশটি ৬০ বছর আগে স্বাধীনতা পেলেও তার অধিকাংশ সময় শাসন করেছে সামরিক শাসকরা। তবে সেনাপ্রধানের পদ ছাড়ার বিষয়টি মুশাররফের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত চুক্তি সম্পাদনে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই চুক্তি হলে মুশাররফের শাসনের বিরুদ্ধে চলমান বিরোধিতা কিছুটা কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে। মুশাররফ সেনা প্রধানের পদ ছাড়লে তা বেনজির ভুট্টোর জয় বলেই গণ্য হবে। কারণ, বেনজির ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রধান শর্ত হিসাবে মুশারফকে উর্দি ছাড়ার দাবি জানিয়েছেন। এর আগে সোমবার ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর মহাসচিব ও সিনেটর মুশাহিদ হোসেইন সাঈদ রয়টার্সকে বলেন, " মুশাররফ সংবিধান মেনে সেনাপ্রধানের পদ ছাড়বেন ২০০৭ সালের শেষেই। তার প্রেসিডেন্সির মেয়াদ ১৫ নভেম্বরেই শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে সেনা প্রধানের পদ ছাড়ার আগে মুশাররফ ১৫ অক্টোবরের মধ্যেই আরেকবার ৫ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৫ ঘ.