তেহরান, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আবরও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে বিশ্বের বিভিন্ন ইসু নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন। ইরানের সরকারি টেলিভিশন রোববার একথা জানিয়েছে। একই ইস্যুতে এক বছর আগেও বুশকে চ্যালেঞ্জ জানিয়ে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন আহমাদিনেজাদ। কিন্তু ওয়াশিংটন তার সে আহ্বান প্রত্যাখ্যান করে।
সরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ বলেন, "আমি একটি বিতর্ক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম। আমি আবারও বলছি যে, (জাতিসংঘের) সাধারণ পরিষদে অন্যান্য দেশের প্রতিনিধিদের সামনে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা করতে দেওয়া হোক।"
প্রেসিডেন্টশিয়াল বিতর্কের জন্য আহমাদিনেজাদের গত বছরের আহ্বান হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছিল। তাদের কথায়, এটি ছিল কালক্ষেপণের চেষ্টা।
এই সেপ্টেম্বরেই জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে নিউইয়র্ক সফরের কথা রয়েছে আহমাদিনেজাদের। ২০০৫ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে যুক্তরাষ্ট্রে তার তৃতীয় সফর।
সাক্ষাৎকারে আহমাদিনেজাদ ইরাকসহ মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন নীতিরও নিন্দা করেন।
তিনি বলেন, "সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইসু নিয়ে বুশের সঙ্গে আলোচনা করতে আমি প্রস্তুত। ইরাক এবং অন্যান্য ইসু নিয়ে আমাদেরকে কথা বলতে দেওয়া হোক। তারপর জনগণই রায় দেবে।"
উল্লেখ্য, ১৯৭৯ সালে তেহরানের ইসলামিক বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে। ওই বিপ্লবে ইরান থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সরকার উৎখাত হয়েছিল।
এছাড়া, ওয়াশিংটন অভিযোগ করে আসছে যে, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাসে সমর্থন দেওয়ার পাশপাশি ইরাকের শিয়া জঙ্গিদের প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র সরবরাহ করছে। অন্যদিকে, ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, ইরাকের সংখ্যাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নিদের মধ্যকার রক্তপাতের কারণ ২০০৩ সালের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসন।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। আর ইরান সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, জ্বালানি উৎপাদনের জন্য তাদের পরমাণু প্রযুক্তির প্রয়োজন।
পরমাণু কর্মসূচি প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর জন্য ইতিমধ্যেই ইরানের ওপর দুই দফা অবরোধ আরোপ করেছে জাতিসংঘ। তাছাড়া, পরমাণু কর্মসূচি বন্ধ না করা করলে ইরানের ওপর আরও অবরোধ আরোপের ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে পরমাণু কর্মসূচি সম্পর্কে আহমাদিনেজান বলেন, "অবশ্যই আমরা আমাদের পরমাণু প্রযুক্তির অধিকার পরিত্যাগ করব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি আমরা অর্জন করতে পেরেছি। আমরা শিল্প পর্যায়ে রয়েছি। কেন আমরা আমাদের কর্মকাণ্ড পরিত্যাগ করব?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৮ঘ.
bdnews24