২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল মুকাসেকে অ্যাটর্নি জেনারেল মনোনীত করলেন বুশ

অবশেষে যুক্তরাষ্ট্রের বিদায়ী অ্যাটর্নি জেনারেল আলবার্তো গনজালেসের একজন বিকল্প খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। গনজালেসের স্থলাভিষিক্ত করতে যুক্তরাষ্ট্রের সাবেক বিচারপতি মাইকেল মুকাসেকে মনোনীত করেছেন বুশ। ৬৬ বছর বয়স্ক মুকাসে ডেমোক্রেট ও রিপাবলিকান দুপক্ষেরই ত্বড়িৎ প্রশংসা পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে যুক্তরাষ্ট্রের বিদায়ী অ্যাটর্নি জেনারেল আলবার্তো গনজালেসের একজন বিকল্প খুঁজে পেয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। গনজালেসের স্থলাভিষিক্ত করতে যুক্তরাষ্ট্রের সাবেক বিচারপতি মাইকেল মুকাসেকে মনোনীত করেছেন বুশ। ৬৬ বছর বয়স্ক মুকাসে ডেমোক্রেট ও রিপাবলিকান দুপক্ষেরই ত্বড়িৎ প্রশংসা পেয়েছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে মুকাসের মনোনয়নের ঘোষণা দিয়ে বুশ বলেন, "আমাদের দেশ যে হুমকির মুখে আছে সেদিকে মুকাসের সজাগ দৃষ্টি রয়েছে। আর অ্যাটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ শিগগিরি পূর্ণ হওয়াটাও জরুরি। আমি এ পদে মুকাসেকে তাড়াতাড়ি আসীন করার জন্য সিনেটকে অনুরোধ জানাচ্ছি।" উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ইসুতে অ্যাটর্নি জেনারেলের পদটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এর আগে বুশের রিপাবলিকান দলের এক উর্ধ্বতন নেতা জানান, ৬৬ বছর বয়সী ওই সাবেক বিচারপতি সম্পর্কিত সংশ্লিষ্ট নথিপত্র সরবরাহ করা হয়েছে সিনেটের রিপাবলিকান সদস্যদের কাছে। মুকাসের মনোনয়ন চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন নেওয়ার সম্ভাব্য শুনানির জন্যই এসব বিতরণ করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, ইতোপূর্বে বুশের পছন্দ তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের সাবেক সলিসিটর জেনারেল থিওডোর ওলসনের বিরুদ্ধে ডেমোক্রেটদের আপত্তি থাকায় মুকাসেকে বেছে নিয়েছেন বুশ। ওলসনকে মনোনীত করা হলে তার নিয়োগ আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন সিনেটের ডেমোক্রেট নেতা হ্যারি রিড। ওলসনকে খুবই দলঘেঁষা ব্যক্তি উল্লেখ করে ওই আপত্তি তোলেন রিড। ডেমোক্রেটিক সিনেটর চার্লস স্কুমার বলেন, "বিশ্বসযোগ্যতার অভাবে বিদায় নেওয়া অ্যাটর্নি জেনারেল গনজালেসের জায়গায় নতুন অ্যাটর্নি জেনারেল মুকাসে সর্বসম্মতিক্রমেই এ পদে মনোনয়ন পেয়েছেন।" তিনি আরও বলেন, "রক্ষণশীল মুকাসে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং হোয়াইট হাউস থেকে স্বাধীন থাকবেন বলে মনে করা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/২১২৮ঘ.