ইস্তাম্বুল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মাথায় স্কার্ফ বা হিজাব পরার বৈধতা দেওয়া হবে কিনা সে ব্যাপারে বিতর্কিত সিদ্ধান্তের ভার বর্তাচ্ছে প্রধানমন্ত্রীর ওপর। তুরস্কের জন্য নতুন সংবিধানের খসড়া প্রস্তুতকালে কমিশন হিজাব পরার বৈধতা দিতে একমত না হতে পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুরস্কের শক্তিশালী সেনাবাহিনীসহ ধর্মনিরপেক্ষবাদীরা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরাকে দেশের ধর্মনিরপেক্ষতায় হুমকি বলে মনে করেন। তাদের অভিযোগ, নতুন করে পুনর্নির্বাচিত একে পার্টি তুরস্কের ধর্মনিরপেক্ষতাকে খাটো করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে তুরস্কের আগামী সঙ্কট নতুন সংবিধানকে ঘিরেই তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুসলিম অধুষ্যিত তুরস্কের সরকারি ভবন, বিশ্ববিদ্যালয় ও স্কুলে মাথায় স্কার্ফ ব্যবহার নিষিদ্ধ। তথাপি দেশটির প্রায় ৬০ শতাংশ নারী মাথায় স্কার্ফ পরেন। আর রাজনৈতিক ইসলামে বিশ্বাসী তুরস্কের একে পার্টির তৃণমূল পর্যায়ের সমর্থকরা চান স্কার্ফ ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।
তুরস্কের শীর্ষস্থানীয় দৈনিক হুরিয়েত ও সিএনএন তুর্ক রোববার জানিয়েছে, নতুন সংবিধানের খসড়া প্রস্তুতকারী কমিশন ইসুটি সম্পর্কে একমত হতে পারেনি এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোয়ানের ওপর ছেড়ে দেওয়া হবে।
এরদোগানের স্ত্রী মাথায় স্কার্ফ ব্যবহার করেন এবং যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত তার মেয়েকেও তা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
তাছাড়া, এরদোয়ান নিজেও নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের পক্ষপাতি বলে পরিচিত। তবে এখন তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সে বিষয়টি পরিষ্কার নয়।
এর আগে ২০০২ সালে ক্ষমতায় আসার পরও একে পার্টি হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করেছিল। তবে ধর্মনিরপেক্ষবাদীদের চাপে সে সময় তারা তা করতে সক্ষম হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/
bdnews24