টোকিও, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের নতুন প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে থাকা ইয়াসুও ফুকুদা রোববার চীনের সঙ্গে জাপানের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে তিনি বেইজিংকে তাদের ক্রমবর্ধমান সামরিক ব্যয় সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তায় আকস্মিকভাবে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে শিনজো আবের পদত্যাগের ঘোষণার পর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সে প্রতিযোগিতায় আবের ঘনিষ্ঠ সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে সহজেই পরাজিত করবেন ৭১ বছর বয়সী ইয়াসুও ফুকুদা।
জাপানের সরকারি টেলিভিশন 'এনএইচকে'কে ফুকুদা বলেন, "মূলভিত্তি হচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান জোট। আমাদের এ বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তবে অন্যান্য ক্ষেত্রে ত্র"টি থাকলে আমাদের তা ঠিক করতে হবে।"
ফুকুদা বলেন, "প্রধানমন্ত্রী আবে চীন ও দক্ষিণ কোরিয়া সফর করেছেন এবং সম্পর্ক ভাল হয়েছে। আমাদের অবশ্যই সে ধারা আরও জোরাল করতে হবে।"
আবের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতির জন্য ক্ষমাও চেয়েছেন ফুকুদা।
এলিডিপির সদর দপ্তরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, "আমাদের দেশ একটি জরুরি পরিস্থিতি বা একটি সঙ্কটের মধ্যে রয়েছে। আমি মনে করি, দলের ও পার্লামেন্টের একজন সদস্য হওয়ায় আমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।"
জাপানের সাবেক এক প্রধানমন্ত্রীর ছেলে ফুকুদা কোইজুমি সরকারের 'ছায়া পররাষ্ট্রমন্ত্রী' হিসাবে বিশেষভাবে পরিচিত। ক্ষমতাসীন এলডিপি দলের বড় অংশগুলোর সমর্থন তিনি ইতিমধ্যেই আদায় করতে সক্ষম হয়েছেন।
তাই ধারণা করা হচ্ছে, আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এলডিপির প্রেসিডেন্ট পদের নির্বাচনে তিনি জয়লাভ করবেন। আর যিনিই এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনিই হবেন জাপানের আগামী প্রধানমন্ত্রী। কেননা, প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাপানি পার্লামেন্টের নিুকক্ষ। যেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন এলডিপি'র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৮ঘ.
bdnews24