জেরুজালেম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মন্ত্রিপরিষদে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার আশঙ্কায় ফিলিস্তিনি বন্দি মুক্তির পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষ্যে এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল।
কর্মকর্তারা জানান, রোববার মন্ত্রিপরিষদের বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের আরও বেশি সংখ্যক আটক কর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী ওলমার্টের। কিন্তু পর্যাপ্ত সমর্থন না পাওয়ার আশঙ্কায় বৈঠকের আলোচ্যসূচি থেকে বিষয়টি বাদ দেওয়া হয়। বন্দিদের মুক্তি দিতে এর আগেও একবার দেরী করেছে ইসরায়েল। এবার বন্দি মুক্তির সম্ভাবনা আরেক দফা পিছাল।
ওলমার্টের মুখপাত্র রোববার জানান, "মন্ত্রিপরিষদে আজ এ নিয়ে ভোট হচ্ছে না।"
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন বন্দিদের তালিকা নিয়ে ঐকমত্য না হওয়ার কারণেই ভোট হচ্ছে না।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকে ফাতাহ কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন ওলমার্ট। তখন আব্বাসকে তিনি বলেছিলেন, বন্দি মুক্তির বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে তোলা হচ্ছে।
ওলমার্ট বলেছিলেন, রমজান উপলক্ষ্যে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের শুভেচ্ছার নিদর্শন হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হবে।
ইসরায়েল ইতিমধ্যেই প্রায় ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তবে এর বেশিরভাগই আব্বাসের ফাতাহ দলের কর্মী সমর্থক।
ইসরায়েলের কারাগারগুলোতে প্রায় ১১,০০০ ফিলিস্তিনি আটক রয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০৫ ঘ.
bdnews24