দিল্লি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি প্রতিবেদন থেকে রাম সংক্রান্ত বিতর্কিত অংশ প্রত্যাহার করেছে দেশটির সরকার। একইসঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র একজন পরিচালক ও সহকারী পরিচালককে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অমবিকা সোনি বলেছেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী অথবা কংগ্রেস সভানেত্রী পদত্যাগ করতে বললে তিনিও পদ ছেড়ে দেবেন।
ভারত ও শ্রীলঙ্কার মধ্য দিয়ে জাহাজ চলাচলের উপযোগী একটি খাল খনন প্রকল্পের বিরুদ্ধে উগ্রপন্থী হিন্দু সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার পুরাতত্ত্ব বিভাগ ওই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টে দাখিল করে। তাতে রামের শ্রীলঙ্কা অভিযানের সময় বানরদের সহায়তায় সমুদ্রে সেতু গড়ার মিথকে নাকচ করে দেওয়া হয়। প্রতিবেদনে রামকে কেবল মিথের একটি চরিত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে।
এ ঘটনায় বিজেপির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী দলগুলো ক্ষোভে ফেটে পরে। বুধবার তারা দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এছাড়া বিরোধী দলের নেতা লালকৃষ্ণ আদভানি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার প্রতিবেদনের বিতর্কিত অংশ বাদ দেওয়ার ঘোষণা দেয়। শুক্রবার দেশটির আইনমন্ত্রী হংসরাজ ভরদ্বাজ সাংবাদিকদের বলেন, "আমরা কাল (শনিবার) আবার একটি হলফনামা জমা দেব। সেখানে আপত্তিকর অংশগুলো থাকবে না।"
এর আগে কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, "রাম আমাদের হৃদয়ের ঈশ্বর, তার অস্তিত্ব কোনো নথি দিয়ে প্রমাণ করা যাবে না।"
ঘটনার পর ভারত সরকার দায়িত্বে অবহেলার অভিযোগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র একজন পরিচালক ও সহকারী পরিচালককে বরখাস্ত করে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অমবিকা সোনি এর সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনিও পদত্যাগের জন্য প্রস্তুত আছেন।
অমবিকা সোনি বলেন, "প্রধানমন্ত্রী যদি মনে করেন এ ঘটনার জন্য আমার দায় আছে এবং আমার পদ ছেড়ে দেওয়া উচিত, তাহলে মন্ত্রিত্ব ত্যাগ করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না।"
পক প্রণালী ও মান্নার উপসাগরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের জন্য একটি খাল খনন প্রকল্প গ্রহণের পরই হিন্দু সংগঠনগুলো এর প্রতিবাদ জানাতে শুরু করে। বর্তমানে ভারতের রামেশ্বর থেকে শ্রীলঙ্কার মধ্যবর্তী অংশে সাগরের তলদেশে সেতু আকৃতির বেলে পাথরের সারি আছে। অগভীর এ অংশের কারণে জাহাজগুলোকে এখন শ্রীলঙ্কা ঘুরে ভারতের পূর্ব থেকে পশ্চিম উপকূলে যেতে হয়। ফলে গন্তব্যে যেতে জাহাজগুলোর অতিরিক্তি ৩৬ ঘণ্টা বেশি সময় লাগছে। হিন্দু সংগঠনগুলোর দাবি বেলে পাথরের সারিটি রামের সহযোগী বানর সেনারা করেছিল, এ কারণে খাল খনন করে এর ক্ষতি করা যাবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/এমএ/১৬১৭ ঘ.
bdnews24