নয়াদিল্লি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে সামনে এগুলে বামরা মনমোহন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেবে বলে হুমকি দিয়েছে। পরমাণু চুক্তি নিয়ে ভারতে একমাসের অচলবস্থার মধ্যে বামরা এবারই সরকারকে প্রকাশ্যে সবচে কড়া হুমকি দিল। ভারতে ৪ বাম দলের বৃহত্তম দলটির নেতা প্রকাশ কারাট-- এর এই হুমকির কারণে মনমোহন সরকারের ৫ বছর মেয়াদ পূর্ণ করার সম্ভাবনা আরও কমে গেল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কারণ, পরমাণু চুক্তি থেকে সরে না আসতে মনমোহনের দৃঢ়প্রতিজ্ঞার কারণে তাকে সংখ্যালঘু সরকারের প্রধান হিসাবে ক্ষমতায় থাকা, নয়ত ২০০৯ সালের মে মাসে ক্ষমতার মেয়াদ শেষের আগেই নির্বাচন দিতে হতে পারে।
কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট (বিপিআই-এম) প্রধান কারাট ইতোমধ্যেই হুমকি দিয়ে বলেছেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আমরা সরকারকে সাহায্য করব না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।"
পার্লামেন্টে ৫৪৫ সদস্যের নিম্নকক্ষে ৬০ জন এমপিই কমিউনিস্ট। এর আগে তারা পরমাণু চুক্তি নিয়ে এগুলে সরকারকে 'মারাত্মক পরিণতি' ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছিলেন।
ওই চুক্তির বদৌলতে ভারত যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি আমদানী করতে পারবে। ভারত সরকার তাই এ চুক্তিকে দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৌশলগত সম্পর্কন্নোয়নের হাতিয়ার হিসাবেই দেখছে। কিন্তু বামদের কথায় এ চুক্তিতে ভারতের পররাষ্ট্রনীতি ক্ষুন্ন হবে।
কারণ, এ চুক্তি বাস্তবায়ন করতে হলে ভারতকে তাদের বেসামরিক পরমাণূ স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র নজরদারিতে রাখতে হবে এবং পরমাণু কাঁচামাল সরবরাহকারী গ্র"পের অনুমতি নিয়ে এগুতে হবে।
তাছাড়া মার্কিন কংগ্রেসেও চুক্তিটি অনুমোদন পেতে হবে। কারাট বলেন, সরকার বামদের সমর্থন চাইলে তাদের এই চুক্তি নিয়ে আইএইএ'র সঙ্গে কথা বলতে যাওয়া ঠিক হবে না। চুক্তি প্রসঙ্গে এক সেমিনারে কারাট বলেন, "আগেভাগেই সামনে এগুবেন না। আমাদের আপত্তিটা শুনুন। পার্লামেন্টের মতামত নিন। এগুলো ভেবে দেখুন। কিন্তু সরকার এ পর্যন্ত আমাদের কোনো কথাতেই রাজি হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ঘ.
bdnews24