বেইজিং, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন তাদের বিপন্নপ্রায় বন্যপ্রাণী পান্ডা বাইরের দেশকে উপহার দেওয়া বন্ধ করেছে। চীনের একজন বন্যপ্রাণী কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
চীনের 'স্টেট ফরেস্ট্রি এ্যাডমিনিস্ট্রেশন' এর মুখপাত্র কাও কিংউয়ানের বরাত দিয়ে চায়নানিউজ ডটকম জানিয়েছে, চীন শুধুমাত্র "প্রজনন ও জীববৈজ্ঞানিক গবেষণার" জন্য পান্ডা ধার দেবে।
কাও বলেন, "উপহার হিসাবে পান্ডা দেওয়া বন্ধ করে দিয়েছে চীনা সরকার। বাইরের দেশগুলোর সঙ্গে আমরা শুধুমাত্র গবেষণার কাজ করব।"
বিশ্বের সবচেয়ে বিপন্নপ্রায় প্রজাতির প্রাণীগুলোর মধ্যে একটি চীনের বিশালাকৃতির পান্ডা। এ প্রজাতির পান্ডা শুধু চীনেই দেখা যায়। বর্তমানে চীনের সিচুয়ান, গানসু ও শাংঝি প্রদেশের নেচার রিজার্ভে আনুমানিক এক হাজার ছয়শ' বন্য পান্ডা রয়েছে।
বন্ধুত্বের নিদর্শন ও উপহার হিসাবে বিশ্বের বিভিন্ন দেশকে পান্ডা ধার ও একবারে দিয়ে আসছিল চীন। সমালোচকরা এজন্য চীনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে "পান্ডা কূটনীতি" কাজে লাগানোর অভিযোগ উত্থাপনও করেছেন।
গত শনিবার স্পেনের মাদ্রিদ চিড়িয়াখানা স্বাগত জানিয়েছে চীনা সরকারের ধার দেওয়া এক জোড়া পান্ডাকে। এছাড়া, গত সপ্তায় চীন তাদের উলং নেচার রিজার্ভ থেকে এক জোড়া পান্ডা অস্ট্রেলিয়ার এডিলেড চিড়িয়াখানাকে ১০ বছরের জন্য ধার দিতে রাজি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24