ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে জনসমর্থন বেড়েছে। বুধবার প্রকাশিত নতুন এক জনমত জরিপের ফলে এ তথ্য পাওয়া গেছে।
বুশ ইরাক থেকে ধারাবাহিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা সমর্থন করে ভাষণ দেওয়ার প্রাক্কালে এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের এ জরিপ প্রকাশিত হল।
এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ এ জরিপে দেখা গেছে, ইরাক যুদ্ধ পরিচালনায় বুশের নেতৃত্ব সমর্থন করেছে ৩০ শতাংশ মার্কিনি। এই পরিসংখ্যান গত জুলাই মাসের চেয়ে ৮ শতাংশ বেশি। এনবিসি জানিয়েছে, বুশের সমর্থন বেড়েছে মূলত পুরুষরাসহ রিপাবলিকান এবং নিরপেক্ষ মার্কিনিদের মধ্যে।
বৃহস্পতিবার রাতের টেলিভিশন ভাষণে বুশ আগামী গ্রীষ্ম নাগাদ ইরাক থেকে প্রায় ৩০ হাজার মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের সুপারিশে রাজি হওয়ার কথা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
জেনারেল পেত্রাউসের ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরাকে মার্কিন সেনাসংখ্যা কমে দাঁড়াবে প্রায় এক লাখ ৩০ হাজারে। প্রসঙ্গত, প্রায় একই সংখ্যক সেনা এ বছরের শুরুতেও মোতয়েন ছিল ইরাকে। মাঝে বাগদাদের নিরাপত্তার জন্য বুশের নির্দেশে ইরাকে আরও ৩০ হাজার সেনা পাঠানো হয়।
এদিকে, মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতারা ইতিমধ্যেই পেত্রাউসের ওই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেছেন, আমেরিকানরা যা চায় তার থেকে বিস্তর ফারাক রায়েছে এ পরিকল্পনায়।
এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল জরিপে আরও দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিনি মনে করেন, ইরাকে মার্কিন সেনা হতাহতের সংখ্যা যত হয়েছে বা যুদ্ধে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে-- তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। অন্যদিকে, ৩৫ শতাংশ মার্কিনি মনে করেন, সাদ্দাম হোসেনকে উৎখাত করতে পারাটাই ইরাক যুদ্ধের সার্থকতা।
২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধে এ পর্যন্ত তিন হাজার সাতশ'র বেশি মার্কিন সেনা এবং লাখ লাখ ইরাকি নিহত হয়েছে।
এনবিসি জানিয়েছে, ইরাক যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত কী হতে পারে? -- এ প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতাদের ২৪ শতাংশ বলেছেন, ইরাকে স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মার্কিন সেনাদের সেখানে থাকা উচিত।
অপরদিকে, ২৬ শতাংশ বলেছেন, ইরাক থেকে এখনই মার্কিন সেনাদের চলে আসা উচিত। আর ৩৭ শতাংশ বলেছেন,তারা চান আগামী বছরের শেষ নাগাদ সেনারা ইরাক থেকে চলে আসুক।
গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ১,০০২ জন মার্কিন নাগরিকের ওপর এ জরিপ পরিচালিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩০৩ঘ.
bdnews24