ইসলামাবাদ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমর্থকরা তাদের নেতাকে আবারও সৌদি আরবে নির্বাসনে পাঠানোর সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করতে যাচ্ছেন।
দীর্ঘ সাত বছর নির্বাসনে কাটানোর পর পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে চ্যালেঞ্জ জানাতে নওয়াজ গত সোমবার দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই কর্তৃপক্ষ তাকে আবার সৌদি আরবে ফেরত পাঠায়।
প্রতিপক্ষকে ফের বিদেশে পাঠিয়ে মুশাররফ তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ প্রতিহত করতে পারলেও এ পদক্ষেপ তাকে আবারও সুপ্রিম কোর্টের সঙ্গে শক্তি পরীক্ষার চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। গত মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছিল, দেশে ফেরার অধিকার রয়েছে নওয়াজের।
মার্চ মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করা নিয়ে শাসনামলের সবচেয়ে সঙ্কটময় মুহুর্তে পড়েন প্রেসিডেন্ট মুশাররফ। তার ওই পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দানা বাধে গোটা পাকিস্তানে। মুশাররফ বিরোধী বিক্ষোভের এক পর্যায়ে সুপ্রিম কোর্ট গত জুলাই মাসে প্রধান বিচারপতিকে পুনরায় স্বপদে বহাল করে। আর সর্বশেষ গত সপ্তাহ থেকে সুপ্রিম কোর্ট মুশাররফের শাসনের বিরুদ্ধে দায়ের করা চ্যালেঞ্জগুলোর শুনানি শুরু করেছে।
১৯৯৭ সালে ক্ষমতায় থাকাকালে নওয়াজ শরীফের সমর্থকরা সুপ্রিম কোর্টে ভাংচুর করেছিল। তারাই এখন প্রতিকারের জন্য দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্টের।
নওয়াজের পার্টির একজন সিনিয়র নেতা বলেন, "সরকার আদালত অবমাননা করেছে এবং পাকিস্তানের দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপহরণ করেছে। আমরা এসব পদক্ষেপের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাচ্ছি।"
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফের কাছ থেকে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। পরের বছরই এক চুক্তির আওতায় তাকে সৌদি আরবে পাঠানো হয় বলে দাবি করে আসছে মুশাররফ সরকার। যে চুক্তিতে নওয়াজকে ১০ বছর নির্বাসনে থাকার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৬ঘ.
bdnews24