২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর !

মার্কিন সপ্তম নৌবহর ৩৬ বছর পর আবার বঙ্গোপসাগরে এলো। শেষবার ১৯৭১ সালে সপ্তম নৌবহর এসেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীকে ঘায়েল করতে। অবশ্য ওরকম লড়াই অনিবার্য হয়ে ওঠার আগেই বাংলাদেশর যুদ্ধ অন্যদিকে মোড় নেয়। তখন এ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ইতিহাসে সবচাইতে নাজুক মাত্রায় নেমে এসেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ইউএসএস কিটি হক, বঙ্গোপসাগর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সপ্তম নৌবহর ৩৬ বছর পর আবার বঙ্গোপসাগরে এলো। শেষবার ১৯৭১ সালে সপ্তম নৌবহর এসেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীকে ঘায়েল করতে। অবশ্য ওরকম লড়াই অনিবার্য হয়ে ওঠার আগেই বাংলাদেশর যুদ্ধ অন্যদিকে মোড় নেয়। তখন এ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ইতিহাসে সবচাইতে নাজুক মাত্রায় নেমে এসেছিল। কিন্তু ৩৬ বছরে গঙ্গা ব-দ্বীপের বহু পানি গড়িয়েছে বঙ্গোপসাগরে। ভারত - পাকিস্তান - যুক্তরাষ্ট্রের সম্পর্কও পেরিয়েছে বহু চড়াই-উৎরাই। এবার সেই সপ্তম নৌবহরই বঙ্গোপসাগরে নোঙর ভিড়িয়েছে ভারতের আমন্ত্রণে এ অঞ্চলে এযাবৎকালের সবচেয়ে বড় যৌথ নৌ মহড়ায় অংশ নিতে। বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে বন্ধুপ্রতীম অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরসহ যুক্তরাষ্ট্রের চতুর্পক্ষীয় নৌ - মহড়া শুরু হয়েছে গত সপ্তাহে। ছয়দিনের এ মহড়ায় অংশ নিতে সপ্তম নৌবহরের সঙ্গে আরও একটি অতিরিক্ত বিমানবাহী যুদ্ধজাহাজ ও একটি নিউক্লিয়ার সাবমেরিনসহ বহু সংখ্যক জঙ্গি বিমান নিয়ে এ অঞ্চলে বৃহত্তম মার্কিন নৌ শক্তির স্মরণকালের বৃহত্তম সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধ শতাব্দীর বিচ্ছিন্নতার পর গত এক দশক ধরে ভারত - মার্কিন সম্পর্কের যে নাটকীয় পট পরিবর্তন হচ্ছে তার ধারাবাহিকতাতেই বঙ্গোপসাগরে এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েক বছরে বেশ কয়েকটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে দেশদুটি। সামরিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও বেড়েছে দুদেশের আদান প্রদান। আর আন্তর্জাতিক অঙ্গনের মতোই নিজ নিজ দেশে ব্যপক বাঁধার মুখেই এ বছরেই স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল বিতর্কিত ভারত - মার্কিন বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি। বঙ্গোপসাগরের প্রায় মাঝামাঝি নোঙ্গর করেছে সপ্তম নৌবহর ও বিমানবাহী মার্কিন যুদ্ধ জাহাজ কিটি হক। এর পাশেই ভিড়েছে ভারতের একমাত্র বিমানবাহী যুদ্ধ জাহাজ আইএনএস ভিরাত । ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের সময় পারস্য উপসাগরে হাজির হয়ে প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছিল কিটি হক। কিটি হকের ফ্লাইট ডেকে বসে বঙ্গোপসাগরের মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে একেরপর এক মার্কিন ফাইটার জেটগুলোর উড়ে যাওয়া আর আকাশে কসরত দেখিয়ে এসে আবার জাহাজে অবতরণ করা দেখছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসাররা। মার্কিন সহকর্মীদের সঙ্গে ইউএস নেভির এফ - ১৮ জঙ্গি বিমানের উড্ডয়ন অবতরণ দেখতে দেখতে নোটও নিচ্ছিলেন ভারতীয় নৌবাহিনী কর্মকর্তারা। আকাশে যুদ্ধ কসরত দেখানোর এক মহড়ায় অংশ নেয় ভারতের সী হ্যারিয়ার জঙ্গি বিমান এবং যুক্তরাষ্ট্রের ইউএস হর্নেট ফাইটারগুলো। ভিআইপি স্টিকার লাগানো হেলমেট পরে ভারতীয় নৌবাহিনী অফিসাররা কিটি হকে ক্যাপ্টেনের সঙ্গে ঘুরে ঘুরে প্রাইভেট কেবিনে রাখা মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো দেখছিলেন। ক্যপ্টেনের সঙ্গে কিটি হকের ডাউনিং হলে ডিনার করেন ভারতীয় অফিসাররা। পাঁচটি নৌবহরের প্রায় ৩০ টি জাহাজ ও ১০০টি বিমানের ওই বিশাল মহড়ার ওই দিনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভারতীয় নৌবাহিনীর ভাইস এডমিরাল রমণ প্রেম সুথান। আকাশে উড়ন্ত একটি ভারতীয় সী হ্যারিয়ার জঙ্গি বিমানে নতুন করে জ্বালানি সরবরাহ করে একটি ইউএস সুপার হর্নেট বিমান। দুই নৌবাহিনীই এ নৌ মহড়াতেই প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে এ কাজটি করে। এ প্রসঙ্গে অফিসারদের আড্ডার সময় সপ্তম নৌবহরের কমান্ডার মার্কিন নোবাহিনীর ভাইস এডমিরাল ডাউগ ক্রাউডার ঠাট্টা করে করে বলেন, "এডমিরাল সুথানকে গত রাতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি ওই জ্বালানির পয়সা দিয়েছেন কি না। তিনি কিছু বলেননি,তবে আমি জানি যে তিনি আমাকে পয়সা দেননি।" ছয়দিনের এ 'এন্টি - সাবমেরিন' নৌ যুদ্ধ মহড়ার পুরো সময়ের জন্য একটি সাবমেরিন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ভাইস এডমিরাল সুথান বলেন, ভারতীয় নৌবাহিনীর অফিসারদের জন্য 'আর্ট অফ ওয়ার' প্রত্যক্ষ করার একটি দারুণ সুযোগ এনে দিয়েছে এই নৌ মহড়া। তিনি বলেন আইএনএস ভিক্রান্ত বিমানবাহী যুদ্ধজাহাজ এর অবসরের পর এ 'আর্ট অফ ওয়ার' হারিয়েছে তার বাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কসরত সম্পর্কে সুথান বলেন,"এটা খুবই মার্গীয় শিল্প! এটা দেখা আমাদের জন্য দারুণ সুযোগ।" বিশ্বের অন্যতম দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতির এবং চতুর্থ বৃহত্তম সামরিক বাহিনীর দেশ ভারত এ নৌ মহড়ায় বর্তমান বিশ্বের অবিসংবাদিত একক পরাশক্তির সঙ্গে নৌ মহড়ায় এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরেক পরাশক্তি চীনকে চারদিকের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে মিত্রতা বাড়িয়ে সামরিক বলয়ের মধ্যে ঘিরে ফেলার কৌশলগত মার্কিন নীতি বাস্তবায়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ ভারত - যুক্তরাষ্ট্র - সিঙ্গাপুর - অস্ট্রেলিয়া নৌ মহড়াকে। ক্রমাগতভাবে শক্তিশালী হয়ে ওঠা চীনের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ মহড়া আয়োজনে ভারতের উৎসাহও ছিল অত্যন্ত লক্ষণীয়। ভারতে এর আগের হিন্দু জাতীয়তাবাদী সরকার মার্কিনিদের সঙ্গে জোট বাঁধতে এমনকি ইরাকে সেনা পাঠাতেও প্রস্তুত ছিল। কিন্তু অভ্যন্তরীন চাপসহ নানা কারণেই শেষ পর্যন্ত তা করতে পারেননি তারা। আর বামপন্থীদের সঙ্গে জোট বাঁধা বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে যেয়ে অস্তিত্বের সংকটে টালমাটাল হয়ে পড়ছে। পররাষ্ট্রী নীতির বিষয়ে ভারতের ঐতিহাসিক জোট নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার স্বার্থেই এসব পদক্ষেপ থেকে বিরত থাকার পক্ষপাতী ভারতীয় রাজনীতি ও সমর নেতাদের অনেকেই। ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান অরুণ প্রকাশও এ অবস্থানের পক্ষে রায় দেন। রয়টার্সকে তিনি বলেন,"ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবেই আমরা কখনোই এ পক্ষ কিংবা ওই পক্ষ কোনো পক্ষেই জোট বাঁধিনি।" প্রকাশ বলেন," আজও, যা কিছু করা হচ্ছে তা নিজেদের স্বার্থেই, আমাদের বন্দুকের নল আর বারুদ শুকনো রাখতেই করা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১০ ঘ.