দিল্লি, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে আগাম নির্বাচন হলে ক্ষমতাসীন ইউপিএ জোট গতবারের চেয়ে বেশি আসনে জিততে পারে। রোববার প্রকাশিত এক জনমত জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইনডিয়ান এক্সপ্রেস পত্রিকা ও সিএনএন-আইবিএন টেলিভিশন যৌথভাবে এই জনমত জরিপ করেছে।
জরিপের ফলাফল অনুযায়ী আগাম নির্বাচন হলে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ এ্যলায়েন্সের (ইউপিএ) ২৬৭টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। ২০০৪ সালে তারা পেয়েছিল ২২২টি আসন।
অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের সঙ্কটের কারনে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেতে পারে ১৩৩টি আসন। গত নির্বাচনে তারা ১৮৯টি আসনে জিতেছিল। আর বামপন্থীরা পেতে পারে ৪৩টি আসন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে সরকার ঐতিহাসিক দাবি করলেও তাদেরই অংশিদার বামপন্থিরা এর বিরোধীতা করে আসছে। তাদের অভিযোগ ভারতের স্বর্বভৌত্বের সঙ্গে আপোস করে এবং যুক্তরাষ্ট্রের কতৃত্ব মেনে নিয়ে সরকার এই চুক্তি করেছে।
এই চুক্তির পর থেকেই গুজব ছড়াচ্ছে যে বামপন্থিরা আগাম নির্বাচন দাবি করতে পারে।
জরিপের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, নির্বাচনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য বিষয় হতে পারে মূল্যস্ফিতি। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জনগণ সরকারের ওপর অসন্তুষ্ট।
জরিপে অংশগ্রহণকারী ৩৬ ভাগ ভোটার বলেছেন, নির্বাচনের প্রধান ইস্যু হবে মূল্যস্ফিতি ও কৃষকদের বর্তমান অবস্থা।
তবে বামপন্থীরা প্রচারণা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। কেননা জরিপে অংশ নেয়া ভোটারদের ৬৪ ভাগ পরমাণু চুক্তির বিষয়টি জানেনই না।
তবে মাত্র ১৪ শতাংশ ভোটার আগাম নির্বাচন চান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪৫ ঘ.
bdnews24