২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোহা চুক্তির অঙ্গীকারের মধ্য দিয়ে এপেক সম্মেলন সমাপ্ত

বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের অচলাবস্থা কাটিয়ে অবিলম্বে পুনরায় আলোচনা শুরুর জরুরি আহ্বান জানিয়েছেন এপেক নেতারা। সিডনিতে ২১টি দেশের দুদিনব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের সমাপণী দিনে রোববার এ আহ্বান জানান তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড জানান সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এ আহ্বান অন্তর্ভূক্ত করা হয়েছে এবং এ বছরের মধ্যেই চুক্তির খসড়া চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সিডনি, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের অচলাবস্থা কাটিয়ে অবিলম্বে পুনরায় আলোচনা শুরুর জরুরি আহ্বান জানিয়েছেন এপেক নেতারা। সিডনিতে ২১টি দেশের দুদিনব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের সমাপণী দিনে রোববার এ আহ্বান জানান তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড জানান সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এ আহ্বান অন্তর্ভূক্ত করা হয়েছে এবং এ বছরের মধ্যেই চুক্তির খসড়া চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হাওয়ার্ড বলেন, এপেক নেতারা ওই বিবৃতিতে "দোহা রাউন্ডের প্রতি জোরদার সমর্থন ব্যক্ত করেছেন এবং দোহা আলোচনার সঙ্গে সম্পৃক্ত সব দেশের প্রতি একটি জরুরি অনুরোধ জানিয়েছেন। যাতে করে নতুন উদ্যোগ গ্রহণ করে কৃষি ও শিল্প পণ্যকে অগ্রাধিকার দিয়ে সাফল্য অর্জন করা যায়।" সিডনি অপেরা হাউসে এপেকের সমাপনী অনুষ্ঠানে হাওয়ার্ড একথা বলেন। বিশ্বের মোট বাণিজ্যের অর্ধেক করে থাকে ২১ সদস্যের এপেক জোটভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাপানের মতো দেশগুলো এপেকের সদস্য। দোহা রাউন্ডের আলোচনার প্রতি জোরদার সমর্থন জানানোর বিষয়ে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রও। জেনেভোয় দোহা রাউন্ডের অচলাবস্থা কাটানোর সংলাপকে 'এক প্রজন্মে পাওয়া বিরল সুযোগের' একটি বলে অভিহিতি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বুশ। যদিও ইরাক যুদ্ধ নিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার বার্ষিকীকে সামনে রেখে তিনি সম্মেলনের প্রথম দিন শেষেই দেশে ফিরে যান। একটি আলাদা বিবৃতিতে এপেক নেতারা "এ বছরের মধ্যেই দোহা আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে রাজনৈতিক সদিচ্ছা, নমনীয়তা এবং প্রয়োজনীয় লক্ষ্য নির্ধারণের" অঙ্গীকার করতে পারেন বলেও আশা করা হচ্ছে। এদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাসক্যাল লামি শনিবার বলেছেন দোহা আলোচনার সবচেয়ে বিভাজন সৃষ্টিকারী ইস্যুতেও ঐকমত্যের কাছাকাছি চলে আসতে পারেন বাণিজ্য আলোচকরা। সিএনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে লামি বলেন,"এমন লক্ষণ দেখা যাচ্ছে যে এটা একটা মাহেন্দ্রক্ষণ হয়ে উঠতে পারে। এতে হয়তো কয়েক সপ্তাহ লাগতে পারে, আর আমার ধারণা অনেক বেশি মনোযোগ থাকবে জ্বালানির বিষয়ে।" দোহা রাউন্ডের জট খুলতে গত সপ্তাহে আবার আলোচনার টেবিলে ফিরে গেছেন বাণিজ্য আলোচকরা। ২০০১ সালের নভেম্বরে কাতারের রাজধানী দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার ওই ওই বাণিজ্য আলোচনা শুরু হয়েছিল। আরও উন্মুক্ত বাণিজ্য আইনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ দেওয়ার লক্ষ্যেই ওই আলোচনা শুরু হয়। কিন্তু উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর বিরোধ মীমাংসা না হওয়ায় সে আলোচনার জট খোলেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/১৬৩৭ ঘ.