ইসলামাবাদ, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরা নিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে আলোচনা করতে শনিবার ইসলামাবাদে এসেছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল - হারিরি'র ছেলে ও তরুণ রাজনীতিক সাদ আল - হারিরি। এ সোমবারেই লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে নওয়াজের। কিন্তু নওয়াজ ও তার ভাই শাহবাজের দেশে ফেরাকে বাধাগ্রস্ত করতে ইতিমধ্যেই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এ নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজকে দেশে ফিরতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেওয়ার পর লন্ডন থেকে দেশে ফেরার ঘোষণা দেন নওয়াজ। কিন্তু ইতিমধ্যেই পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের দেশে ফেরাকে বাধাগ্রস্ত করতে নওয়াজের দলের নেতাকর্মীদের আটক করতে শুরু করেছে পুলিশ।
'৯৯ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজকে নির্বাসনে পাঠানোর সময় তার সঙ্গে মুশাররফের কথিত চুক্তির অন্যতম নিশ্চয়তা প্রদানকারী ছিলেন লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী রফিক আল - হারিরি এবং সৌদি নেতারা। মুশাররফের দাবি ওই চুক্তিতে আর কখনও দেশে ফিরবেন না বলে অঙ্গীকার করেছিলেন নওয়াজ। কিন্তু নওয়াজ বলছেন কখনোই এরকম কোনো চুক্তি করেননি তিনি।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই সমঝোতার আওতায় ২০০০ সালে সৌদি আরবে নির্বাসনে যান নওয়াজ। পরে সেখান থেকে লন্ডনে গিয়ে বসবাস করতে শুরু করেন নওয়াজ ও শাহবাজ।
নওয়াজের দেশে ফেরা নিয়ে যে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই লেবাননের নিহত প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলে সাদ আল - হারিরি পাকিস্তানে এসেছেন। শনিবার মুশাররফের দপ্তরে তার সঙ্গে দেখা করে এ নিয়ে আলোচনা করবেন সাদ।
প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে আলোচনার পর একটি সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে এই তরুণ লেবাননি রাজনীতিকের। প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
পাকিস্তানে এ বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় মুশাররফ চাইছেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে বহাল থাকতে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরলে তা বড় ধরনের হুমকি হিসাবে পরিণত হতে পারে মুশাররফের জন্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৬১০ ঘ.
bdnews24