ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষীদের কাজের উপোযোগী প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য চীন সেখানে ৩১৫ জনের একটি সেনা প্রকৌশলী দল পাঠাবে। দারফুর বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লিউ গুইজিন বৃহস্পতিবার ওয়াশিটনে এ ঘোষণা দেন।'
ওয়াশিংটনে চীনা দুতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিউ জানান, সুদান সরকারকে সাহায্য করায় যেসব মার্কিন নেতারা চীনের সমালোচনা করেন তিনি তাদের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার তিনি বেসরকারি 'সেভ দারফুর কোয়ালিশন' এর সঙ্গে আলোচনা করবেন। এই সংস্থাটি সুদানে চীনের নীতি পরিবর্তনের দাবি করে আসছে।
লিউ বলেন, "আমরা দারফুরে ৩১৫ জনের সেনা প্রকৌশলী দল পাঠাব। এদের কাজ হবে মূলত রাস্তা ও ব্রিজ নির্মাণ।"
আগামী আক্টোবর মাসের প্রথম দিকে এই দল দারফুরে পৌঁছাবে বলে তিনি জানান। তিনি বলেন, "দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের ২৬ হাজার সেনা মোতায়েনের আগেই তাদের সেখানে পাঠানো হবে।"
লিউ জানান, চীন দারফুরে এক কোটি মার্কিন ডলারের মানবিক সাহায্য দেবে। এছাড়া যে সমস্ত চীনা কোম্পানি আফ্রিকান দেশগুলোতে ব্যবস্যা করছে তারাও সেখানে লাখ লাখ ডলারের সাহয্য দেওয়ার পরিকল্পনা করছে।
আন্তর্জতিক বিশ্লেষকরা ধারণা করেন, গত সাড়ে চার বছরে দারফুর সংঘাতে প্রায় দু'লাখ লোক নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ। তবে সুদান সরকার দাবি করে নিহতের সংখ্যা নয় হাজারের বেশি হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬৫৫ঘ.
bdnews24