ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে অপহরণ করা সরকারি কর্মকর্তাদের মুক্তি দিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। কয়েকশ' ভিক্ষু বৃহস্পতিবার কর্মকর্তাদের অপহরণ করে তাদের মঠে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। তারা কর্মকর্তাদের চারটি গাড়িও পুড়িয়ে দেন।
বুধবার বিক্ষোভরত ভিক্ষুদের ছত্রভঙ্গ করতে সেনাদের গুলি চালানোর ঘটনায় ক্ষমা চাইতে ইয়াঙ্গুন থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পাকাক্কু শহরের মঠে যান ওই কর্মকর্তারা।
এক এলাকাবাসী জানান, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভিক্ষুরা সরকারি কর্মকর্তাদের ছেড়ে দেন। এরপর তারা মঠ ত্যাগ করেন।
জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে দু'সপ্তাহ ধরে মিয়ানমারে চলমান বিক্ষোভে যেন বৌদ্ধ ভিক্ষুরা অংশ না নেন সে জন্য শহরের সবচেয়ে বড় মঠ মহাবিথুতায়ামা'র মঠাধ্যক্ষকে অনুরোধ করতে চেয়েছিলেন সরকারি কর্মকর্তারা।
বুধবার প্রায় ৫০০ বৌদ্ধ ভিক্ষু গত মাসে বাড়ানো জ্বালানি মূল্যের নিন্দা জানিয়ে বিক্ষোভ করতে শুরু করলে সে বিক্ষোভ থামাতে সতর্কতামূলক গুলি চালায় সেনা সদস্যরা।
মিয়ানমারে দুই সপ্তাহ ধরে চলমান এ বিক্ষোভ দমাতে বুধবারই প্রথম সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। সেনাবাহিনী ইতিমধ্যেই নেতৃত্বস্থানীয় কয়েকজন ভিন্ন মতাবলম্বীকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে সেনাবাহিনী বিক্ষোভ ভুণ্ডল করতে ইয়াঙ্গুনের রাস্তায় নামিয়েছে জান্তাপন্থী গ্যাংদের।
১৯৮৮ সালের অভ্যুত্থানের পর সবচেয়ে বড় এ বিক্ষোভ দমনের জন্য ইতিমধ্যেই একশ'র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু, ছাত্র-ছাত্রী ও সরকারি শ্রমিকদের সে অভ্যুত্থান ঠেকাতে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনীকে। ধারণা করা হয়, সেনাবাহিনীর সে বিক্ষোভ দমন অভিযানে মারা গিয়েছিল তিন হাজারের বেশি লোক।
পাকুক্কু শহরের বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সুনির্দিষ্টভাবেই জান্তা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। কেননা, এর মাত্র ৮০ মাইল দূরে অবস্থিত মান্ডালে শহর। যেখানে বসবাস প্রায় তিন লাখ বৌদ্ধ ভিক্ষুর।
১৯৮৮ সালের অভ্যুত্থান এবং ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সঙ্কটময় মুহুর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দৃষ্টান্ত রয়েছে মিয়ানমারের বৌদ্ধ মঠগুলোর।
এদিকে, মান্ডালের একজন বাসিন্দা জানিয়েছেন, শহরে খুবই উত্তাজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ১৯৬২ সালে যেসব জেনারেল ক্ষমতা দখল করেছিল তারা মান্ডালের মঠগুলোর প্রধানদেরকে চলমান বিক্ষোভে যোগ না দেওয়ার চাপ দিচ্ছেন বলেও খবর শোনা যাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫২ ঘ.
bdnews24