২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত

বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় বুধবার রাতে মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ইরাকি পুলিশ ও এলাকাবাসী বৃহস্পতিবার জানায় এ সময় ১১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

বাগদাদ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় বুধবার রাতে মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। ইরাকি পুলিশ ও এলাকাবাসী বৃহস্পতিবার জানায় এ সময় ১১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে মার্কিন বাহিনী হতাহতের বিষয়টি যাচাই করে দেখছে বলে জানিয়েছে। বাগদাদে জাতিগত সংঘাত দমনের জন্য মার্কিন সেনারা নিয়মিত রাতের বেলায় অভিযান চালাচ্ছে। এ সময় তারা আক্রান্ত হলে প্রয়োজনে বিমান বাহিনীর সাহায্য নিচ্ছে। পুলিশ সূত্র জানায়, বাগদাদের মনসুর জেলার গরিব শিয়া অধ্যুষিত ওয়াসাস এলাকায় মার্কিন যুদ্ধ বিমান গত বুধবার রাতে হামলা চালায়। এতে ১৪ জন নিহত ও নয়জন আহত হন। রয়টার্স টেলিভিশন দেখায়, তিন রাস্তার একটি সংযোগস্থলের কমপক্ষে ১১টি বাড়ির কোনটা ভেঙে পড়েছে আবার কোনটা মাটির সঙ্গে মিশে গেছে। এলাকাবাসী ধ্বংসস্তুপের মধ্য থেকে মৃতদেহ টেনে বের করছে। এ সময় একজনকে দেখা যায় রাস্তার ওপর থেকে মানুষের শরীরের ছিন্ন মাংস তুলে প্লাস্টিকের ব্যাগে ভরছেন। রাতের বেলায় গরমে অতিষ্ঠ এলাকাবসীদের অনেকেই বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন। এ সময় মার্কিন যুদ্ধ বিমান সেখানে হামলা চালায়। এলাকার বৃদ্ধ আবু তালিব বলেন, "এই এলাকার মানুষ শান্ত স্বভাবের। আমাদের ওপর এই নির্যাতন কেন।" ডাক্তার ওয়ামিধ আব্দুল জব্বার জানান, তিনি তার বাচ্চাকে নিয়ে ছাদে ঘুমাচ্ছিলেন এ সময় মেশিনগানের শব্দ শুনতে পান। তিনি বলেন, "এর পর আমরা শুনতে পেলাম যুদ্ধ বিমান থেকে ফেলা বোমা ও এতে বাড়ি ধ্বসে পড়ার শব্দ। আমি আমার বচ্চাকে নিয়ে সিড়ির নিচে আশ্রয় নিয়েছিলাম।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬১৩ঘ.