২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়া এখনও সন্ত্রাসী তালিকায়: যুক্তরাষ্ট্র

শীর্ষ মার্কিন পরমাণু আলোচক ক্রিস্টোফার হিল মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া এখনও সন্ত্রাসী তালিকায় আছে। এই তালিকা থেকে বাদ যেতে হলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি নির্মূলে আরও বেশিকিছু করে দেখাতে হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে রাষ্ট্রীয় সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিতে রাজি-- উত্তর কোরিয়া একথা জানানোর পরদিনই হিল একথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সিডনি, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শীর্ষ মার্কিন পরমাণু আলোচক ক্রিস্টোফার হিল মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া এখনও সন্ত্রাসী তালিকায় আছে। এই তালিকা থেকে বাদ যেতে হলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি নির্মূলে আরও বেশিকিছু করে দেখাতে হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে রাষ্ট্রীয় সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিতে রাজি-- উত্তর কোরিয়া একথা জানানোর পরদিনই হিল একথা বললেন। সিডনিতে হিল সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়া এখনও তালিকার বাইরে নয়।" এপেক সম্মেলনে যোগ দিতে হিল বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তিনি জেনেভা থেকে সিডনিতে যান। এর আগে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে গুয়ানের সঙ্গে তার দেখা হয়েছে। হিল বলেন, "উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণে আরও বেশি কিছু করছে কিনা তার ওপরই নির্ভর করছে তাদেরকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি।" এদিকে, জাপানের শীর্ষ সরকারি মুখপাত্রও বলেছেন, উত্তর কোরিয়াকে সন্ত্রাবাদী তালিকা থেকে বাদ দেওয়ার মার্কিন কোনো সিদ্ধান্তের কথা তারা শোনেননি। জাপানি মন্ত্রীসভার প্রধান সেক্রেটারি কাউরু ইয়োসানো সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়া তার পরমাণু স্থাপনাগুলো নিস্ক্রিয় না করা পর্যন্ত তাদেরকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ দেওয়া হবে না।" উল্লেখ্য, ১৯৮৮ সালের জানুয়ারীতে ওয়াশিংটন উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকাভুক্ত করে। ভারত মহাসাগরের ওপর দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমানে ১৯৮৭ সালে বোমা হামলার কথা স্বীকার করার পর উত্তর কোরিয়াকে ওই শাস্তি দেয় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ১১৫ জনের মৃত্যু হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৬ঘ.