২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে সম্মত হয়েছে। একই সময়ের মধ্যে তারা তাদের সব পরমাণু কর্মসূচির একটি পূর্ণ হিসাব দিতেও সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক ক্রিস হিল রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

জেনেভা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া এ বছরের শেষ নাগাদ তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে সম্মত হয়েছে। একই সময়ের মধ্যে তারা তাদের সব পরমাণু কর্মসূচির একটি পূর্ণ হিসাব দিতেও সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক ক্রিস হিল রোববার একথা জানিয়েছেন। উত্তর কোরিয়াকে তাদের পরমাণু প্রযুক্তি ও স্থাপনাগুলো বন্ধ করতে সম্মত করার লক্ষ্যে সম্পাদিত 'ছয়জাতি চুক্তির' পরবর্তী ধাপ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে জেনেভোয় দু'দিনব্যাপী দ্বিপক্ষীয় আলোচনার পর মার্কিন আলোচক হিল বলেন, "আমরা খুবই ভাল ও বাস্তবসম্মত আলোচনা করেছি।" হিল সাংবাদিকদের বলেন, "আমরা যে বিষয়ে সম্মত হয়েছি তা হচ্ছে, এ বছরের শেষ নাগাদ ডিপিআরকে তাদের সব পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি পূর্ণ বিবরণীর ঘোষণা দেবে এবং সেগুলো বন্ধও করবে।" উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপল'স রিপাবলিক অফ কোরিয়া বা ডিপিআরকে। জেনেভার দ্বিপক্ষীয় আলোচনায় উত্তর কোরিয়ার প্রতিনিধিত্ব করেন পিয়ংইয়ংয়ের প্রধান পরমাণু দূত কিম কায়ে -গাওয়ান। আলোচনায় তিনি সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। সাংবাদিকদেরকে তিনি বলেন, "আমরা অনেক বিষয়ে সম্মত হয়েছি। সব পরমাণু স্থাপনা বন্ধ ও সেসবের বিবরণী ঘোষণা করার পরিষ্কার আগ্রহ আমরা দেখিয়েছি।" তবে কবে নাগাদ তা করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখের কথা তিনি জানাননি। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও রাশিয়ার সঙ্গে দুই বছর আগে হওয়া "ছয়-জাতি" আলোচনায় অর্থনৈতিক ও কূটনৈতিক সাহায্যের বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়। কিন্তু ২০০৬ সালের অক্টোবর মাসে উত্তর কোরিয়া প্রথমবারের মতো একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটালে তাদের মনোবাসনা নিয়ে সংশয় সৃষ্টি হয়। তবে দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে উঠে গত বছরের শেষ নাগাদ নতুন করে আলোচনা শুরু হয় এবং এ ফেব্র"য়ারিতে ঐতিহাসিক ছয়-জাতি চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়াসহ অন্য দেশগুলো। ওই চুক্তি অনুসারে ৫০ হাজার টন ভারী জ্বালানি তেলের বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি এবং ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স বন্ধ করে দেয়। ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্সে বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হতো। চুক্তিটির পরবর্তী ধাপে নয় লাখ ৫০ হাজার টন ভারী জ্বালানি তেলের বিনিময়ে উত্তর কোরিয়াকে তাদের সব পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি পূর্ণ ঘোষণা এবং সেগুলো বন্ধ করার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪২০ ঘ.