২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপ্রাপ্ত ১৯ কোরীয় শুক্রবার আফগানিস্তান ছাড়ছেন

ছয় সপ্তাহের অপহরণ নাটক অবসানের পর মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ১৯ নাগরিক শুক্রবার আফগানিস্তান ত্যাগ করছেন। মধ্য জুলাইতে তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরিয়ার ২৩ স্বেচ্ছাসেবককে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে অপহরণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

কাবুল, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ছয় সপ্তাহের অপহরণ নাটক অবসানের পর মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ১৯ নাগরিক শুক্রবার আফগানিস্তান ত্যাগ করেছেন। মধ্য জুলাইতে তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরিয়ার ২৩ স্বেচ্ছাসেবককে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে অপহরণ করে। বৃহস্পতিবার অবশিষ্ট ৭ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার ১২ জনকে মুক্তি দেয় তালেবানরা। তালেবানরা স্বেচ্ছাসেবক দলটির দলনেতাসহ ২ জনকে হত্যা করে। সংকট নিরসনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর পর শুভেচ্ছা হিসাবে তারা ২ জিম্মিকে মুক্তি দেয়। প্রথমে তালেবানরা ২৩ জিম্মিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাদের ৮ সহযোদ্ধার মুক্তি দাবি করে। আফগান সরকার সে দাবি মানেনি। পরে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে দক্ষিণ কোরিয়ার সৈন্য প্রত্যাহার এবং সে দেশে আর কোন মিশনে কোরীয় নাগরিকদের অন্তর্ভুক্ত না করার শর্তে তালেবানরা জিম্মিদের মুক্তি দেয়। তবে তালেবানদের সঙ্গে এ ধরণের সমঝোতাবিরোধীরা বলেছেন, তাদের আশঙ্কা এর ফলে আফগানিস্তানে অপহরণের ঘটনা আরো বাড়বে। সাহায্যকর্মীরা জানান, কোরীয় ওই ১৯ নাগরিক হয় রাজধানীতে হোটেলে অবস্থান করছে আর না হয় বাগরামে মার্কিন বিমানঘাঁটিতে আছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মূল ঘাঁটি বাগমারে। সমঝোতা আলোচনার সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মনে হচ্ছে আজ (শুক্রবার) তারা জাতিসংঘের একটি উড়োজাহাজে করে আফগানিস্তান ত্যাগ করতে পারে। সম্ভবত তারা দুবাই যাবেন।" তিনি জানান, জাতিসংঘকে তাদের একটি উড়োজাহাজে মুক্তি পাওয়া ১৯ নাগরিককে দুবাই পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। কোরীয় কর্তৃপক্ষ সে দেশের সংবাদ মাধ্যমে একটি ক্ষুদ্র অংশকে মুক্তিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে দিলেও বিদেশি সাংবাদিকদের অনুমিত দিচ্ছে না। দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এটা তাদের সরকারি নীতির অংশ। তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ সমঝোতার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা একটি বিবৃতি দিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "কোরীয় সরকারের নীতি হলো মুক্তি পাওয়া ১৯ জনকে বিদেশি সংবাদ মাধ্যমের সামনে হাজির না করা।" ওই ১৯ নাগরিক এখনো আফগানিস্তানে রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। এদিকে আফগান কর্মকর্তারা জানান, আলোচনার সময় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা তালেবানদের মুক্তিপণ দিতেও রাজি হন। তালেবানরা প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে। সমালোচকরা বলছেন, এটা একটা বিপদজনক নজির হয়ে রইল। এতে আফগানিস্তানে অপহরণের ঘটনা বেড়ে যাবে। শুক্রবার গভীর রাতে নিউইয়র্কে জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে জানান, মহাসচিব বান কি মুন ১৯ জিম্মির মুক্তিতে আনন্দ প্রকাশে করে বলেছেন, "আমি খুশী যে তারা এখন প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পারবে।" তবে তিনি অন্য দেশের জিম্মিদের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এদের মধ্যে জার্মানির একজন এবং আফগানিস্তানের চার জন রয়েছেন। এদিকে দেশে ফিরে মুক্তিপ্রাপ্তরা শিথিল অভ্যর্থনার মুখোমুখি হবে বলে মনে করা হচ্ছে। কিছু কিছু কোরীয় এ ঘটনার জন্য স্বেচ্ছাসেবক দলটিকে আংশিকভাবে দায়ী করছে। কারণ সরকার তাদেরকে আফগানিস্তানের যে সব এলাকায় তালেবানরা সক্রিয়া সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিলেও তারা সেটা অগ্রাহ্য করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮২৫ ঘ.