গজনি, আফগানিস্তান, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -দক্ষিণ কোরিয়ার সব জিম্মিকে মুক্তি দিয়েছে তালেবান জঙ্গিরা। বৃহস্পতিবার দু দফায় বাকী সাত জিম্মিকে মুক্তি দেয় তারা। এর আগে বুধবার ১৯ জিম্মির মধ্যে ১২ জনকে ছেড়ে দেয় তালেবানরা।
মঙ্গলবার দক্ষিণ কোরীয় জিম্মিকে মুক্তি দিতে দুপক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সে চুক্তিতে জিম্মি মুক্তির বিনিময়ে এ বছরের মধ্যেই আফগানিস্তান থেকে দক্ষিণ কোরীয় সেনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। প্রায় ছয় সপ্তাহ আগে তাদের অপহরণ করা হয়।
তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরিয়ার বাকী ৭ জনকে মুক্তি দিয়েছে। এদের ৪ জন নারী এবং ৩ জন পুরুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গজনি প্রদেশে তালেবানরা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রসের (আইসিআরসি) কাছে তাদের হস্তান্ত করেছে। ১৯ জুলাই ওই প্রদেশে বাসে ভ্রমণের সময় তালেবানরা দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবককে অপহরণ করে। পরে দলনেতাসহ দুজনকে হত্যা করে।
জিম্মি সংকট নিরসনে তালেবানদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের আলোচনার প্রথম পর্যায়ে শুভেচ্ছা হিসাবে ২ জনকে মুক্তি দেওয়া হয়। ইতিমধ্যে তারা দেশে ফিরে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭১৭ ঘ.
bdnews24