২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি খতিয়ে দেখতে প্যানেল গঠনের ঘোষণা ভারত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি খতিয়ে দেখার জন্য একটি প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। বৃৃহস্পতিবার সরকার এ ঘোষণা দেয়। প্যানেলে চুক্তির ব্যাপারে বামপন্থীদের আপত্তিগুলো বিবেচনা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 05:29 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

নয়া দিল্লি, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি খতিয়ে দেখার জন্য একটি প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। বৃৃহস্পতিবার সরকার এ ঘোষণা দেয়। প্যানেলে চুক্তির ব্যাপারে বামপন্থীদের আপত্তিগুলো বিবেচনা করা হবে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং তাদের বাম মিত্রদের আলোচনার পরই এ ঘোষণা দেওয়া হয়। বামপন্থীরা চুক্তির বিরোধিতা করে আসছে। তারা বিতর্কিত এ চুক্তিকে ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী বলে অভিহিত করে সেটা স্থগিত করার দাবি জানিয়েছে। বুধবার বিতর্কিত ওই চুক্তিটি খতিয়ে দেখার জন্য যৌথ প্যানেলে তারা যোগ দিতে অস্বীকার করে। তারা বলেছে, সরকার চুক্তির আন্তর্জাতিক অনুমোদনের জন্য আলোচনা চালিয়ে গেলে প্যানেলে যোগ দেবে না বামপন্থীরা। বৃহস্পতিবার প্যানেল গঠনের ঘোষণা দিয়ে সরকার যে বিবৃতিতে দিয়েছে তাতে চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরবর্তী আলোচনা বন্ধ রাখার আশ্বাস দেওয়া হয়নি। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগতভাবে জানান, সে রকম কোন সম্ভাবনা আসলে নেই। পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী জানান, চুক্তির ব্যাপারে বামপন্থীরা আপত্তি তোলায় সরকার একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্যানেল গত মাসে চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় চুক্তির নির্দিষ্ট কয়েকটি বিষয় খতিয়ে দেখবে যেসব ব্যাপারে বিরোধীরা আপত্তি উত্থাপন করেছে। তাছাড়া ভারতের পরমাণু স্বনির্ভরতার ওপর মার্কিন আইনের প্রভাব কি হবে সেটাও খতিয়ে দেখা হবে। প্রণব বলেন, "চুক্তিটি ভারতের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সহযোগিতায় কি প্রভাব ফেলতে পারে সেটাও বিচার বিশ্লেষণ করে দেখা হবে।" তিনি জানান, প্যানেল সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করবে সরকার। তিনি সাংবাদিকদের বলেন, "চুক্তিটি কার্যকর করার ক্ষেত্রে প্যানেলের অনুসন্ধানে পাওয়া বিষয়গুলো বিবেচনা করা হবে।" বুধবার চার বাম দলের জোট বামফ্রন্টের বৈঠকের পর শরিক ফরোয়ার্ড ব্লকের প্রধান দেবব্রত বিশ্বাস সাংবাদিকদের কাছে তাদের অবস্থান তুলে ধরে বলেন, "সরকারকে অবশ্য ১২৩ নম্বর চুক্তিটি স্থগিত করতে হবে। তারপরই কেবল তারা কোন প্রক্রিয়া বা কমিটি গঠনের দিকে যেতে পারে।" রাজনৈতিক নেতারা জানান, সরকারি এ প্যানেল গঠন করা হবে রাজনীতিক, বিজ্ঞানী এবং সম্ভবত সাবেক কূটনীতিকদের সমন্বয়ে। বামফ্রন্টের অপর শরিক ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) নেতা ডি রাজা রয়টার্সকে বলেন, "যদি সরকার আমাদের নিয়ে কোন প্যানেল করতে চায় তাহলে প্রকাশ্যে বলতে হবে তারা চুক্তি বিষয়ক আলোচনা চালাবে না।" যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু জ্বালানী সহায়তা চুক্তি করে মনমোহন সরকার বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) এবং মিত্র বামপন্থীদের বিরোধিতার সম্মুখীন হয়। ২০০৪ সালে ক্ষমতা গ্রহণের পর এ যাবত সবচেয়ে গভীর রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার। ২০০৯ সাল পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই সরকারের পতন হবে এমন আশঙ্কাও বাড়ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩২৩ ঘ.