২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ থেকে মানুষেও বার্ডফ্লু ছড়ায়

যুক্তরাষ্ট্রের এক গাণিতিক গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে, বার্ডফ্লু কেবল পাখি থেকেই মানবদেহে সংক্রমিত হয়না বরং মানুষ থেকে মানুষের দেহেও বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস সংক্রমণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ওয়াশিংটন, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের এক গাণিতিক গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে, বার্ডফ্লু কেবল পাখি থেকেই মানবদেহে সংক্রমিত হয়না বরং মানুষ থেকে মানুষের দেহেও বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস সংক্রমণ ঘটে। গবেষণায় দেখা গেছে, ২০০৬ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এক মানুষ থেকে অন্য মানুষের দেহে বার্ডফ্লু সংক্রমণের ঘটনা ঘটেছে। মার্কিন গবেষকরা মঙ্গলবার একথা জানিয়েছেন। গবেষকরা জানান, তারা এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন যা দিয়ে দ্রুত রোগটির প্রাদুর্ভাব পরীক্ষা করে জানা যাবে যে, এটি ভয়াবহ মাহামারী আকারে ছড়িয়ে পড়বে কি-না। বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা একমত হয়েছেন যে, বার্ড ফ্লু ভাইরাস থেকে ইনফ্লুয়েঞ্জা মহামারী ছড়িয়ে পড়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। তারা বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। এ ভাইরাস হাস-মুরগি বা অন্যান্য পাখির মাধ্যমে এশিয়া থেকে আফ্রিকায় ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি কদাচিৎ মানবদেহে সংক্রমিত হয়। তবে ২০০৩ সাল থেকে বার্ডফ্লু ভাইরাস ৩২২ জন মানুষের দেহে সংক্রমিত হয়েছে এবং এতে মারা গেছে ১৯৫ জন। অধিকাংশ মানুষই এ যাবত বার্ডফ্লু আক্রান্ত হয়েছে পাখি থেকে। তবে কিছু ঘটনায় এমন বিষয় ধরা পড়েছে যে, এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভাইরাসটি সম্ভবত এমন পর্যায়ে উন্নীত হয়েছে যে সহসাই সেটি এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হতে পারে। আর এমন হলে বার্ড ফ্লুর এ ভাইরাস এক দেশ থেকে আরেক দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। সিয়াটলের 'ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টার' এর ইরা লঙ্গিনি এবং তার সহকর্মীরা এমন দুটি ঘটনার ওপর দৃষ্টিপাত করেছেন। একটি ঘটনা ইন্দোনেশিয়ার সুমাত্রার। ২০০৬ সালের ওই ঘটনায় একই পরিবারের আটজন মারা যায়। অপর ঘটনাটি তুরস্কের। যেখানে আটজন সংক্রমিত হয়েছিল এবং তাদের চারজন মারা গিয়েছিল। বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে, সুমাত্রার ঘটনাটি ছিল মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার। তবে তারা এ বিষয়ে আরও নিশ্চিত হতে আগ্রহী। 'ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস' জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তারা লিখেছেন, "সুমাত্রায় মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার পরিসংখ্যানগত প্রমাণ আমরা পেয়েছি। তবে তুরস্কের ঘটনায় পাইনি।" সুমাত্রায় সম্ভবত ৩৭ বছর বয়সী এক নারীর কাছ থেকে তার ভাইপোর দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছিল। পরে ভাইরাসটি তার বাবার দেহে সংক্রমিত হয়। আর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে ওই লোক যে ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন সেটি তার দেহে এসেছিল তার ছেলের দেহ থেকে। এক বিবৃতিতে লঙ্গিনি বলেন, "ভাইরাসটি দুই প্রজন্মে সংক্রমিত হয়েই থেমে গিয়েছিল। তবে তা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮২৪ঘ.