২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে মন্ত্রিসভায় রদবদল আবে সরকারের জনপ্রিয়তা বাড়িয়েছে

মন্ত্রিসভায় রদবদলের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারের জনপ্রিয়তা এক লাফে ৪০ শতাংশ বেড়ে গেছে। মঙ্গলবার প্রকাশিত একটি জনমত জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। অথচ এক মাস আগেই ২৯ জুলাইয়ের জনমত জরিপে আবে সরকারের জনসমর্থন ছিল মাত্র ২৯ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

টোকিও, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মন্ত্রিসভায় রদবদলের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারের জনপ্রিয়তা এক লাফে ৪০ শতাংশ বেড়ে গেছে। মঙ্গলবার প্রকাশিত একটি জনমত জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। অথচ এক মাস আগেই ২৯ জুলাইয়ের জনমত জরিপে আবে সরকারের জনসমর্থন ছিল মাত্র ২৯ শতাংশ। সোমবার প্রধানমন্ত্রী আবে মন্ত্রিসভায় রদবদল করেন। নির্বাচনী বিপর্যয় কাটিয়ে ওঠার লক্ষ্যে তিনি মন্ত্রিসভা থেকে ঘনিষ্ঠদের বাদ দিয়ে মন্ত্রিসভায় পরিবর্তন আনেন। কেননা, গত মাসে নির্বাচনে দলের ভরাডুবির পর প্রধানমন্ত্রী আবের জনপ্রিয়তায় ধস নামে। বার্তা সংস্থা কিয়োদো জানায়, পরিবর্তিত মন্ত্রিসভার পক্ষে জনসমর্থন ৪০ দশমিক ৫ শতাংশ। নির্বাচনের ঠিক পরে পরে ২৯ জুলাইয়ের জরিপের তুলনায় তা ১১ দশমিক ৫ শতাংশ বেশি। পার্লামেন্টের উচ্চকক্ষের ওই নির্বাচনে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের সরকার বিষয়ক প্রফেসর জুন লিও বলেন, "এটা আশাতীত সাফল্য।" তিনি বলেন, "আগের মন্ত্রিদের তুলনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রবীণ রাজনীতিকদের ফিরিয়ে আনায় লোকজন নিরাপদ বোধ করতে শুরু করেছে।" দেশব্যাপী এ তাৎক্ষণিক জরিপটি চালানো হয় সোমবার ও মঙ্গলবার। এ জরিপ ফলে প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আবেকে প্রশ্ন করা হয়, এ জনপ্রিয়তা যে সাময়িক নয়, সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, "অন্য সব কিছুর চেয়ে বড় বিষয় হলো জনগণের আকাঙ্খার সঙ্গে আমাদের সঙ্গতি রেখেই চলতে হবে। আর এটা করার জন্য আমাদেরকে অবশ্য নীতিসমূহ বাস্তবায়ন করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১২৯ ঘ.