কুয়ালালামপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী বছরের মাঝামাঝিতে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান। দশ জাতি জোটটির প্রধান মঙ্গলবার এ কথা জানান।
ভারতের এক শীর্ষ বাণিজ্য কর্মকর্তা এ সপ্তাহে চুক্তির বিভিন্ন দিক নিয়ে উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছেন। এর পর ভারতের ছাড় দেওয়ার বিষয়ে বিদ্যমান মতপার্থক্য নভেম্বর সম্মেলনের আগে দূর করা যাবে কিনা সে ব্যাপারে আসিয়ানের সতর্কতার প্রতিফলন ঘটেছে জোট প্রধানের এ মন্তব্যে।
আসিয়ানের মহাসচিব অং কেং ইয়ং জানান, আলোচনায় দুপক্ষের যে মতপার্থক্য চুক্তিতে পৌঁছানোর উদ্যোগকে কঠিন করে ফেলেছে। তবে তিনি আশা করেন, নভেম্বর সম্মেলন এ আলোচনায় রাজনৈতিক গতি দেবে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইয়ং সাংবাদিকদের বলেন, "সিঙ্গাপুরে আসন্ন সম্মেলনে নেতাদের জন্য আমরা কিছু চুক্তি পেশ করতে পারবো বলে আশা করছি। এটা সহজ নয়। কারণ এখনও মতপার্থক্য আছে। তবে এতে রাজনৈতিক গতি আসতে পারে বলে আমরা আশা করছি।"
এ সপ্তাহে ম্যানিলায় ভারতের বাণিজ্য সচিব গোপাল পিল্লাই জানান, চুক্তির ৯৮ ভাগই মীমাংসিত। তবে কোন কোন ইস্যুতে মতপার্থক্য দূর করার বাকী আছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
পিল্লাই রয়টার্সকে বলেন, "নভেম্বরে সিঙ্গাপুর সম্মেলনে চুক্তিটি স্বাক্ষর হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।"
এর আগে আসিয়ান নেতারা জানিয়েছিলেন, স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে পেট্রোলিয়ামজাত পণ্য বাদ দিতে ভারতের সম্মতি চেয়েছেন তারা। স্পর্শকাতর পণ্যের শুল্ক বাতিল করা হবে না।
ইয়ং জানান, পেট্রোলিয়ামজাত পণ্য ছাড়া, পাম তেল, কফি, চা ও গোলমরিচ বিশেষ পণ্যের তালিকায় রাখতে চায় ভারত।
তিনি বলেন, "তারা বলেছে তাদের কাছে এ পাঁচটি পণ্য গুরুত্বপূর্ণ বলেই এগুলোর ব্যাপারে আসিয়ানকে ছাড় দিতে চাচ্ছে না।"
ইয়ং আরও বলেন, "তবে আমাদের যুক্তি হলো ভারতের সঙ্গে আমাদের প্রচুর পরিমাণ বাণিজ্যে এ পাঁচটি পণ্যই প্রতিনিধিত্ব করবে এবং এগুলোর ব্যাপারে যদি তারা ছাড়া দিতে না চায় তাহলে মুক্ত বাণিজ্য চুক্তি করার সুবিধাটা কোন জায়গায়?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24