টোকিও, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা নিয়ে জাপান ও উত্তর কোরিয়া আগামী সপ্তায় মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে আলোচনায় বসছে। সাহায্য ও কূটনৈতিক স্বীকৃতির বিনিময়ে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধ সংক্রান্ত ছয়-জাতি চুক্তির অংশ হিসাবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দু'দিনব্যাপী এ আলোচনা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।
জাপান দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১৯৬৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলেও উত্তর কোরিয়ার সঙ্গে এখন পর্যন্ত তা করেনি।
এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ একই ইসু নিয়ে গত মার্চ মাসে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আলোচনায় বসে। কিন্তু কয়েক দশক আগে উত্তর কোরিয়ার গোয়েন্দাদের হাতে জাপানি নাগরিক অপহরণের বিষয়টি নিয়ে দু'পক্ষের তুমুল বিতর্কের কারণে সে আলোচনা আর আগায়নি।
অপহরণ ইসুটি জাপানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পথে এটি তাদের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা।
জাপান বলে আসছে, অপহরণ ইসুর সমাধান না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়াকে তারা পূর্ণমাত্রার অর্থনৈতিক সাহায্য দেবে না বা কূটনৈতিক সম্পর্কও প্রতিষ্ঠা করবে না।
উলান বাটোরের আলোচনায় কোনো অগ্রগতি না হলে তার প্রভাব পড়তে পারে দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ছয়-জাতি চুক্তির বাস্তাবায়নে। কারণ, পরমাণু আকাঙ্খা পরিত্যাগের পরিবর্তে পিয়ংইয়ংকে বিশালমাত্রার সাহায্য দিতে অনিচ্ছুক টোকিও।
উত্তর কোরিয়া ২০০২ সালে স্বীকার করে যে, তাদের গোয়েন্দারা ১৩ জন জাপানিকে অপহরণ করেছে। তাদের ওই স্বীকারোক্তিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় জাপানে। তখন উত্তর কোরিয়া অপহৃত পাঁচ জাপানি নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে জানায়, বাকি আটজন মারা গেছে। সেই থেকে উত্তর কোরিয়া জোর দিয়ে বলে আসছে, অপহরণ ইসু শেষ।
এদিকে, ওই আটজনের বিষয়ে আরও তথ্য জানতে চাইছে টোকিও। একইসঙ্গে টোকিও আরও চারজন জাপানি অপহৃত হয়েছে উল্লেখ করে তাদের সম্পর্কেও জানাতে এবং কেউ জীবিত থাকলে তাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার অপহরণ ইস্যুতে উত্তর কোরিয়াকে "আন্তরিকভাবে" সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন।
টোকিওতে তিনি সাংবাদিকদের বলেন, "আমি আশা করছি, অপহরণ ইসু সমাধানের পথে অগ্রগতির জন্য উত্তর কোরিয়া আন্তরিক মনোভাব দেখাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫২ঘ.
bdnews24